
মুম্বই: বড়সড় আইনি জটিলতায় ওল্ড মঙ্ক (Old Monk)। জনপ্রিয় এই মদকে আর ‘রাম’ (Rum) হিসাবে বিক্রি করা যাবে না। এ কথা সাফ জানিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথারিটি অব ইন্ডিয়া (Food Safety and Standards Authority of India)।
বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে এই মামলার শুনানি চলছিল, সেখানে এফএসএসএআই (FSSAI)-এর তরফে জানানো হয়েছে, ওল্ড মঙ্ক তৈরিতে নিউট্রাল স্পিরিট এবং রাম ফ্লেভারিং ব্যবহার করা হয়। তাই এই পানীয়কে সরাসরি ‘রাম’ হিসাবে বিক্রি করার অনুমতি দেওয়া যাবে না।
এফএসএসএআই-এর আইনজীবী আদালতে স্পষ্ট করে জানান, তাদের মূল আপত্তি শুধুমাত্র প্যাকেটের লেবেল নিয়ে নয়। আসল প্রশ্ন হল, পণ্যটির প্রকৃতি কী। এই ধরনের পণ্যকে রাম হিসাবে বিক্রি করা যায় না। পরিবর্তে এটিকে ‘রাম-ফ্লেভারযুক্ত স্পিরিট’ (rum-flavoured spirit) হিসাবে উল্লেখ করা যেতে পারে।
আদালতে ইতিমধ্যেই সংশোধিত লেবেল জমা দিয়েছে সংস্থা। তবে সেই নতুন লেবেল খতিয়ে দেখে অনুমোদন দেওয়ার জন্য ফুড সেফটি অথারিটি আরও কিছুটা সময় চেয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে। সেইদিনই জানা যাবে, ওল্ড মঙ্ক কোন লেবেলে বাজারে বিক্রি হবে।
এর আগে সোমবারের শুনানিতেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা বোতলের লেবেল থেকে ‘7 years old blended’ কথাটি সরিয়ে দিতে প্রস্তুত। এরপর বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংস্থাকে বৃহস্পতিবারের মধ্যে সংশোধিত লেবেল জমা দেওয়ার নির্দেশ দেয়।
বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং গৌতম এ আনখাড়-এর বেঞ্চ এফএসএসএআই -কেও নির্দেশ দেয়, প্যাকেজিংয়ে ঠিক কী কী তথ্য থাকতে হবে, তা স্পষ্ট করে জানাতে। যাতে কোনওভাবেই ক্রেতাদের মধ্যে পণ্যটি নিয়ে ভুল ধারণা তৈরি না হয়। পাশাপাশি সংশোধিত লেবেল রাজ্যের আবগারি দফতরকে দ্রুত পরীক্ষা করে অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, বোতলের গায়ে ‘7 years old blended’ লেখা দেখে ক্রেতারা মনে করতে পারেন যে পানীয়টি সাত বছর ধরে সংরক্ষণ বা এজড(aged) করা হয়েছে। ফলে তাঁরা বিভ্রান্ত হতে পারেন। শুধু তাই নয়, বোতলের লেবেলে থাকা কিছু লেখা এতটাই ছোট যে সাধারণ ক্রেতার পক্ষে তা পড়া প্রায় অসম্ভব।
ওল্ড মঙ্ক সংস্থার হয়ে সওয়াল করা সিনিয়র আইনজীবী নভরোজ এইচ সিরভাই (Navroz H. Seervai) আদালতকে জানান, প্রায় ১২০ দিন ধরে নিষেধাজ্ঞা জারি থাকায় সংস্থার প্রতিদিন প্রায় ১ কোটি টাকা করে ক্ষতি হয়েছে।
এই বিতর্ক শুধুমাত্র ওল্ড মঙ্ক-কে ঘিরে নয়। একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ইউনাইটেড স্পিরিটস (United Spirits)-ও। তবে তারা ২৪ অগস্ট নিজেদের মামলা প্রত্যাহার করে নেয়। ফুড সেফটি অথারিটির নির্দেশ মেনে বেশ কয়েকটি সংস্থা তাদের পণ্যের লেবেল পরিবর্তন অথবা বিতর্কিত ফ্লেভারিং উপাদান সরিয়ে দিতে সম্মত হয়েছে। জানা গিয়েছে, লেবেলে পরিবর্তন আনা হলেও পানীয়ের মূল ফর্মুলায় কোনও পরিবর্তন করা হবে না।
বিতর্কের সূত্রপাত এফএসএসএআই -এর করা কয়েকটি পরীক্ষাকে কেন্দ্র করে। পরীক্ষায় নির্দিষ্ট কিছু পানীয়তে বাইরের কৃত্রিম বা প্রকৃতির সঙ্গে অভিন্ন (nature-identical) ফ্লেভারিং উপাদান পাওয়া যায় বলে দাবি করে নিয়ন্ত্রক সংস্থা। এফএসএসএআই-এর বক্তব্য, এই ধরনের ফ্লেভারিং পানীয়ের নিজস্ব স্বাদ ও গন্ধকে আড়াল করতে পারে।
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (অ্যালকোহলিক বেভারেজস)রেগুলেশন ২০১৮ অনুযায়ী, রাম বা হুইস্কির মতো নির্দিষ্ট মানদণ্ডে থাকা অ্যালকোহলিক পানীয়ের নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ স্বাদ ও গন্ধ বজায় থাকা প্রয়োজন। তাই রামে রাম ফ্লেভার বা হুইস্কিতে ফ্লেভার যোগ করা হলে, সেটি ওই পানীয়ের প্রকৃতি সম্পর্কে ক্রেতাকে বিভ্রান্ত করতে পারে।
এই কারণেই McDowell’s No. 1 Rum, Antiquity Blue Whisky, Royal Challenge Whisky, Old Monk-এর কয়েকটি ভ্যারিয়েন্ট, Bagpiper Deluxe Whisky এবং Old Cask Deluxe XXX Rum-এর মতো একাধিক পণ্যের নির্দিষ্ট ভ্যারিয়েন্টের বিক্রিতে আপত্তি জানিয়েছে FSSAI।