UPI ID Fraud: UPI পেমেন্ট নিয়ে সাবধান! চোখের পলকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

UPI fraud alert: অনেকে ফোন পরিবর্তন করার পর বা অন্য কোনও কারণে নতুন ইউপিআই আইডি তৈরি করেন। অনেকে এটাও মনে করেন, পেমেন্ট অ্যাপ ডিলিট করলে ইউপিআই আইডি-ও ডিলিট হয়ে যায়। এর ফলে তাঁরা একটি নতুন পেমেন্ট অ্যাপ ইনস্টল করে নতুন আইডি ব্যবহার করা শুরু করেন।

UPI ID Fraud: UPI পেমেন্ট নিয়ে সাবধান! চোখের পলকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

May 23, 2026 | 7:25 PM

নয়া দিল্লি : দেশে অনলাইন লেনদেন বেড়েছে। ইউপিআই পেমেন্টের মাধ্যমেই লেনদেন বেশি হয়। রাস্তার ধারের ফল বিক্রেতা থেকে শুরু করে বড় বড় দোকান সর্বত্রই মানুষ ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করছে। আসলে, ইউপিআই ব্যবহার করা খুবই সহজ এবং নিরাপদ বলে মনে করা হয়। তবে, কখনও কখনও অসাবধানতা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দেখা যায়, অনেকেই তাঁদের পুরোনো ইউপিআই আইডি নিষ্ক্রিয় না করেই নতুন আইডি তৈরি করে ফেলেন। তাহলে কিন্তু বড় বিপদ হতে পারে। আপনার পুরনো এবং সক্রিয় ইউপিআই আইডি ব্যবহার করে আপনার পুরো অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারেন হ্যাকাররা। তারপরই চোখের পলকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে।

পুরানো ইউপিআই আইডি কেন নিস্ক্রিয় করবেন?

অনেকে ফোন পরিবর্তন করার পর বা অন্য কোনও কারণে নতুন ইউপিআই আইডি তৈরি করেন। অনেকে এটাও মনে করেন, পেমেন্ট অ্যাপ ডিলিট করলে ইউপিআই আইডি-ও ডিলিট হয়ে যায়। এর ফলে তাঁরা একটি নতুন পেমেন্ট অ্যাপ ইনস্টল করে নতুন আইডি ব্যবহার করা শুরু করেন। কিন্তু এই বিষয়টা অনেকেরই জানা নেই যে, কোনও অ্যাপ ডিলিট করলে বা ফোন বদলালে ইউপিআই আইডি ডিলিট হয় না। আপনি কোনও অ্যাপ আনইনস্টল করলেও, তার ইউপিআই আইডি, লিঙ্ক করা অ্যাকাউন্ট, ও অটো-পে ম্যান্ডেট সক্রিয় থাকে। এগুলো অবশ্যই অ্যাপের ভেতর থেকেই ডিলিট বা নিষ্ক্রিয় করতে হবে।

চোখের পলকে কীভাবে টাকা উধাও

আপনার ইউপিআই আইডি যদি কোনও নিষ্ক্রিয় হয়ে যাওয়া ফোন নম্বরের সঙ্গে যুক্ত থাকে, তবে তা বড় ক্ষতির কারণ হতে পারে। সিম কোম্পানিগুলো প্রায়শই একটি নির্দিষ্ট সময় পর নিষ্ক্রিয় নম্বরগুলো অন্য ব্যবহারকারীদের পুনরায় বরাদ্দ করে। যদি আপনার ইউপিআই আইডি ওই ফোন নম্বরের সঙ্গে যুক্ত থাকে, তবে মোবাইল নম্বরটির নতুন ব্যবহারকারী নোটিফিকেশন এবং অ্যালার্ট পেতে শুরু করতে পারেন। এই নম্বরটি যদি প্রতারকদের হাতে পড়ে, তবে তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে। আপনার অজান্তেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে।

কোন বিষয়গুলো নজর রাখবেন?

  • আপনি যদি অ্যাপটি ডিলিট করেন বা আপনার ফোন পরিবর্তন করেন, তাহলে প্রথমে আপনার UPI ID ডিলিট করুন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিঙ্ক করুন এবং আপনার পেমেন্ট ম্যান্ডেট নিষ্ক্রিয় করুন।
  • মোবাইল নম্বর পরিবর্তন হলে ব্যাঙ্ক থেকে আপনার নতুন নম্বরটি আপডেট করে নিন।
  • আপনার সব ইউপিআই আইডি মনে না থাকলে, এনপিসিআই ওয়েবসাইট দেখুন। সেখানে আপনার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত সমস্ত আইডি খুঁজে পাবেন। আপনার ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমেও এই কাজটি করা যায়।
Follow Us