
নয়া দিল্লি: এক বছর ফোনপে(PhonePe)-র ওয়ালেট ব্যবহার না থাকলেই গ্রাহকদের দিতে হবে ‘ইনঅ্যাক্টিভিটি ফি’। প্রতি তিন মাস অন্তর ১০০ টাকা করে দিতে হবে গ্রাহকদের। ফোনপে সংস্থা তাদের এই সিদ্ধান্ত ঘোষণার পরই হইচই পড়ে গিয়েছে। অনেকেই আবার চিন্তায় পড়েছেন যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কি এই টাকা কেটে নেওয়া হবে? ইউপিআই পেমেন্টের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য? অবশেষে ফোনপে (PhonePe) নিজেই দিল সমস্ত প্রশ্নের উত্তর।
ফোনপে সংস্থার তরফে জানানো হয়েছে, ফোনপে ওয়ালেট ইনঅ্যাক্টিভ থাকলে, তবেই ইনঅ্য়াক্টিভিটি ফি বসানো হবে। তবে এর সঙ্গে ফোনপে-র সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই ট্রানজাকশনের উপরে কোনও প্রভাব পড়বে না।
ফোনপে-পে ওয়ালেট হল প্রি-পেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট। অর্থাৎ এই ওয়ালেটে আগে থেকে টাকা রাখতে হয়, তারপর সেখান থেকে খরচ করা যায়। ইউপিআই থেকে পেমেন্ট করলে তা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়।
অনেকেই ফোনপে থেকে ইউপিআই পেমেন্ট করেন। তাই অনেকেই গুলিয়ে ফেলছেন যে ফোনপে অ্যাকাউন্ট, ইউপিআই অ্যাকাউন্ট ও ফোনপে ওয়ালেট- একই জিনিস। তবে তা কিন্তু নয়। যে ব্যক্তি ফোনপে নিয়মিত ব্যবহার করেন, তার কাছেও ইনঅ্যাক্টিভিটির নোটিস আসতে পারে যদি তিনি শুধু কিউআর কোড দিয়ে বা ইউপিআই পেমেন্টই করেন এই অ্যাপ দিয়ে। যদি ওয়ালেট ব্যবহার না করেন, তাহলে সেটি নিষ্ক্রিয় বলে গণ্য করা হবে। এর সঙ্গে ইউপিআই পেমেন্টের কোনও সম্পর্ক নেই। অর্থাৎ কোনও গ্রাহক ঘনঘন ইউপিআই পেমেন্ট করলেও, তার ফোনপে ওয়ালেট ডরম্যান্ট বা নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে।
ফোনপে-র নতুন নিয়মের পর অনেকেরই মনে আবার প্রশ্ন জেগেছে যে যদি ওয়ালেটে ব্যালেন্স না থাকে বা কম থাকে, তাহলে ইনঅ্যাক্টিভিটি চার্জ কি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে? ফোনপে জানিয়েছে, ব্যালেন্স না থাকলে ফোনপে-র সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে না। ইউপিআই থেকেও টাকা কাটা হবে না। ওয়ালেট ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে, কিন্তু নেগেটিভ হবে না।
ফোনপে জানিয়েছে, ইনঅ্যাক্টিভিটি ফি কেটে নেওয়ার ১৫ দিন আগে থেকে নোটিফিকেশন দেওয়া হবে।