
নয়া দিল্লি: ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরই ঘনঘন এজেন্টের ফোনকলে অস্থির? এবার ঋণ গ্রহীতাদের জন্য স্বস্তির খবর দিল রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। সাম্প্রতিক সময়ে লোন রিকভারি বা ঋণ আদায়ের নামে গ্রাহকদের গালিগালাজ, মানসিক হেনস্থা এবং এমনকি শারীরিক নির্যাতনের শিকার হওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। রিকভারি এজেন্ট এবং ব্যাঙ্ক কর্মীদের এই আচরণে লাগাম টানতে এবার আরবিআই (RBI) কঠোর নিয়মের নতুন খসড়া (draft Regulation)) প্রকাশ করেছে। কী বলা হয়েছে এই নতুন নিয়মে?
ঋণ আদায়ের সঙ্গে যুক্ত এজেন্ট অর্থাৎ রিকোভারি এজেন্টদের জন্য কঠোর নিয়ম তৈরি করেছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কেবল ঋণগ্রহীতাকেই নয়, তাদের গ্যারান্টার (guarantor), আত্মীয় বা বন্ধুদের শারীরিক বা মানসিকভাবে ভয় দেখানো; অজ্ঞাতপরিচয় নম্বর থেকে হুমকি ফোন করা; কাউকে অপমান করা বা সামাজিক মাধ্যমে তাঁদের রেকর্ডিং আপলোড করা “নিষ্ঠুর আচরণ” (Coercive/Harsh Practices) হিসেবে গণ্য করা হবে। এই ধরনের সমস্ত পদক্ষেপ বেআইনি ঘোষণা করা হয়েছে।
ব্যাঙ্কগুলি প্রায় সময়ই কোনও রকম সঠিক যাচাই না করেই, স্থানীয় লোকজনকে লোন রিকভারি এজেন্ট হিসাবে নিয়োগ করে থাকে। এমন বহু ঘটনাও দেখা গিয়েছে যেখানে এজেন্টরা গ্রাহকদের অনবরত হুমকি দিয়েছেন, এমনকী শারীরিক হেনস্থাও করেছেন।
রিজার্ভ ব্যাঙ্কের নতুন খসড়া নিয়ম অনুযায়ী, সমস্ত রিকভারি এজেন্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড বা অপরাধ প্রবণতা রয়েছে, এমন ব্যক্তিদের লোন রিকভারির প্রক্রিয়ায় যুক্ত করা যাবে না।
সমস্ত লোন রিকভারি এজেন্টের কাছে আইআইবিএফ (Indian Institute of Banking and Finance)-এর একটি বৈধ শংসাপত্র (certification) বাধ্যতামূলক থাকতে হবে বলেই জানিয়েছে আরবিআই। পাশাপাশি কোনও এজেন্ট যখনই কোনও ঋণ গ্রহীতার বাড়িতে যাবেন, তাঁদের সংস্থা থেকে দেওয়া আইডি কার্ড দেখাতে হবে। যদি কোনও এজেন্ট ঋণ আদায়ের বিষয়ে গ্রাহকের সঙ্গে কথা বলেন, তবে তাঁকে এজেন্সির আইডি কার্ড, ব্যাঙ্কের দেওয়া একটি অফিশিয়াল অথরাইজেশন লেটার বা অনুমতি পত্র) এবং রিকভারি নোটিসের কপি দেখাতে হবে। গ্রাহকের বাড়িতে যাওয়ার অন্তত একদিন আগে তাঁকে এই বিষয়ে আগাম জানানো বাধ্যতামূলক করা হয়েছে।
অনেক সময় দেখা যায় যে লোন রিকভারি এজেন্টরা গ্রাহকদের বাড়িতে এমন সংবেদনশীল সময়ে—যেমন বিয়ে বা শ্রাদ্ধানুষ্ঠানের মতো সময়েও টাকা আদায় করতে পৌঁছে যান। আরবিআই-এর নতুন খসড়া নির্দেশিকা অনুযায়ী, কোনও পরিবারের শোকের সময় বা পারিবারিক শুভ অনুষ্ঠানের সময় রিকভারি এজেন্ট বা ব্যাঙ্ক ঋণ গ্রহীতার সঙ্গে যোগাযোগ করতে পারবে না।
ঋণ আদায়ের জন্য ফোন করার সুনির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক এবং এজেন্টরা শুধুমাত্র সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যেই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
আরবিআই-র এই খসড়া নীতি সম্ভবত ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে।
লোন রিকভারি এজেন্টরা কোনও অসদাচরণ করলে, ব্যাঙ্কগুলি আর “থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের ভুল” বলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। আরবিআই স্পষ্ট করে দিয়েছে যে এজেন্টদের প্রতিটি পদক্ষেপের জন্য ব্যাঙ্ক সরাসরি দায়ী থাকবে। ব্যাঙ্কগুলিকে তাদের নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনে সমস্ত রেজিস্টার্ড (registered) রিকভারি এজেন্সির নাম তালিকাভুক্ত করতে হবে।