Bangla NewsBusiness Relief for Poor, Middle Class, National Pharmaceutical Pricing Authority Capped Price of 39 medicines including that for hypertension, diabetes heart disease
Medicine Price Fixed: মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, সুগার-প্রেসার সহ ৩৯টি দরকারি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র
NPPA medicine price cap: ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিওভাসকুলার ডিজিজ সহ একাধিক ওষুধের দাম কমিয়ে বা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এনপিপিএ-র নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এই ওষুধগুলো বিক্রি করতে পারবে না।
নয়া দিল্লি: আমজনতার জন্য বিরাট স্বস্তির খবর। ডায়াবেটিস, হাইপার টেনশন, হার্টের রোগ, পুষ্টির অভাব, অঙ্গ প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ ৩৯টি ওষুধের রিটেল প্রাইজ বা বিক্রয় মূল্য বেঁধে দেওয়া হল ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইজিং অথারিটি (NPPA)।
এনপিপিএ-র নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ড্রাগস (প্রাইস কন্ট্রোল) অর্ডার, ২০১৩ (ডিপিসিও, ২০১৩)-এর অধীনে ৩৯টি ক্রনিক বা জটিল রোগের ওষুধের বিক্রয় মূল্য নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। এতে গ্রাহকরা, যাদের প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ হয় ওষুধের পিছনে, তারা অনেকটাই স্বস্তি পাবেন। জীবনদায়ী ও বহুল প্রচলিত ওষুধগুলিকে আরও সহজলভ্য করা হবে। এই সিদ্ধান্তটি বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং একাধিক দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের সাহায্য করবে।
National Pharmaceutical Pricing Authority (NPPA) has capped the retail price of 39 medicines including that for hypertension, diabetes heart disease etc pic.twitter.com/7vpm5U9cCC
ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিওভাসকুলার ডিজিজ সহ একাধিক ওষুধের দাম কমিয়ে বা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এনপিপিএ-র নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এই ওষুধগুলো বিক্রি করতে পারবে না। ওষুধের প্যাকেটের সর্বোচ্চ খুচরো মূল্যে (এমআরপি) অবিলম্বে সংশোধন করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এমপাগ্লিফ্লোজিন + সিটাগ্লিপ্টিন + মেটফর্মিন হাইড্রোক্লোরাইড (এক্সটেন্ডেড রিলিজ) ট্যাবলেটের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ট্যাবলেট ১৪.৮৮ টাকা।
সিটাগ্লিপ্টিন + গ্লাইমেপিরাইড + মেটফর্মিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেটের দাম শক্তি (Strength) অনুযায়ী প্রতি ট্যাবলেট ১০.৩৯ টাকা থেকে ১১.৯১ টাকা।
টেনেলিগ্লিপ্টিন + ডাপাগ্লিফ্লোজিন ট্যাবলেটের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ট্যাবলেট ১০.১৭ টাকা।
অ্যাটোরভাস্টাটিন + ফেনোফাইব্রেট ট্যাবলেট, যা মূলত কোলেস্টেরল নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, তার দাম প্রতি ট্যাবলেট ১৮.৪৬ টাকা।
বিসোপ্রোলল ফিউমারেট + অ্যামলোডিপিন ট্যাবলেট, যা সাধারণত উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) নিয়ন্ত্রণে দেওয়া হয়, তার দাম শক্তি অনুযায়ী প্রতি ট্যাবলেট ৭.৩১ টাকা ও ৯.৪০ টাকা।
সিলনিডিপিন + টেলমিসারটান ট্যাবলেটের দাম শক্তি অনুযায়ী প্রতি ট্যাবলেট ১২.৯৮ টাকা থেকে ১৪.৯৫ টাকা।
ট্যাক্রোলিমাস প্রোলংড-রিলিজ ক্যাপসুল, যা অঙ্গ প্রতিস্থাপনের (Organ Transplant) পর শরীর যাতে প্রতিস্থাপিত অঙ্গ প্রত্যাখ্যান না করে, সেই উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ক্যাপসুল ১২৭ টাকা।
ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩ ট্যাবলেটের দামও নির্ধারণ করা হয়েছে। ক্যালসিয়াম ও ভিটামিন-ডি৩ ট্যাবলেটের খুচরা মূল্য প্রতি ট্যাবলেট ৮.৯৩ টাকা (জিএসটি সহ) নির্ধারণ করেছে। এই ট্যাবলেটগুলি সাধারণত প্রবীণ নাগরিক, মেনোপজ-পরবর্তী নারী এবং হাড়ের দুর্বলতায় ভোগা ব্যক্তিদের জন্য চিকিৎসকেরা প্রেসক্রাইব করে থাকেন।
জলাতঙ্ক সন্দেহযুক্ত কুকুর বা অন্য কোনো পশুর কামড়ের পর জরুরি চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি-র্যাবিস ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনের খুচরা মূল্য সংশোধন করে ১১৯.৪৮ টাকা করা হয়েছে। এই ওষুধটি জলাতঙ্কের টিকার সঙ্গে দেওয়া হয় এবং সংক্রমণের বিরুদ্ধে তাৎক্ষণিক সুরক্ষা প্রদানে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।