
কলকাতা: সোনা-রুপোয় আমদানি শুল্ক (Gold-Silver Import Duty Hike) বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরই বিরাট লাফ সোনা-রুপোর দামে। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৬২ হাজারের গণ্ডি পার করেছে। রুপোর দাম প্রতি কেজিতে ১৭ হাজার টাকা বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাম বেড়েছে।
রুপোর দাম একদিনেই ৬ শতাংশ বেড়েছে। ১৬ হাজার ৭৪৩ টাকা বেড়েছে। প্রতি কেজিতে রুপের দাম এখন পৌঁছেছে ২ লক্ষ ৯৫ হাজার ৮০৫ টাকায়। সোনার দামও ৬ শতাংশ বেড়েছে। ৯২০৬ টাকা বেড়ে ১ লক্ষ ৬২ হাজার ৬৪৮ টাকা প্রতি ১০ গ্রামে পৌঁছেছে।
কলকাতায় আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৬ হাজার ৭৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ৮৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১৬ লক্ষ ৭৮ হাজার ৯০০ টাকা।
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৫ হাজার ৩৯০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৯০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১৫ লক্ষ ৩৯ হাজার টাকা।
সোনা-রুপোর দাম যে আকাশছোঁয়া হতে চলেছে, তা আগেই আন্দাজ করা গিয়েছিল। গত রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের কাছে আর্জি জানান যে আগামী এক বছর যেন সোনা না কেনা হয়। ভারতে বিদেশি মুদ্রার ভাণ্ডারে যাতে ঘাটতি না তৈরি হয়, তার জন্য প্রধানমন্ত্রী আপাতত বিদেশ সফর ও ডেস্টিনেশন ওয়েডিং বাতিল করতে অনুরোধ করেছেন। ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে, গণপরিবহনে যাতায়াতের উপরেই জোর দিয়েছেন।
এদিকে, প্রধানমন্ত্রী মোদীর সোনা না কেনার আর্জির পরই জুয়েলারি স্টকে বিশাল পতন হয়েছে। স্কাই গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শেয়ারের দাম ১১.১১ শতাংশ পতন হয়েছে। কল্যাণ জুয়েলার্সের স্টক ৬ শতাংশ পতন হয়েছে। সেনকো গোল্ডের স্টকের দামে ৪.৩০ শতাংশ পতন হয়েছে, পিসি জুয়েলার্সের স্টক ৩.৬৫ শতাংশ পতন হয়েছে। ত্রিভূবনদাস ভীমজি জ়াভেরি-র শেয়ারে ১.৭৪ শতাংশ পতন হয়েছে।