
নয়াদিল্লি: গোটা দিনজুড়ে শেয়ার বাজারে বেশ দাপট তৈরি করেছে টাটা গ্রুপের আওতাধীন সংস্থা টাটা মোটরস। আজ একদিনেই মোট ১ শতাংশ মাথা তুলে দাঁড়িয়েছে এই সংস্থার শেয়ার।
মূলত, টাটা-টেসলার অংশীদারিত্বকে নিয়ে তৈরি হওয়া জল্পনা ঘিরেই টাটা মোটরসের শেয়ারে গতি এসেছে বলে মনে করছেন বহু বিশেষজ্ঞ। মোদীর আমেরিকা সফরে মিটতেই ভারতে বেড়েছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার আগমনের সম্ভবনা। মহারাষ্ট্রেই সম্ভবত দেশের প্রথম টেসলার প্ল্যান্ট তৈরি করতে পারেন মাস্ক। এমনকি, ভারতের বাজারকে বুঝতে সম্ভবত টাটার সঙ্গেই হাত মেলাতে পারেন তারা।
ইতিমধ্যে ভারতে কর্মী নিয়োগ শুরু করেছে এই আমেরিকার গাড়ির নির্মাণকারী সংস্থা। সম্প্রতি, লিঙ্কডিনে নিজেদের অফিসিয়াল পেজ থেকে সেই নিয়োগের কথা জানিয়েছে টেসলা।
গত বেশ কয়েক বছর ধরে ভারতে টেসলার আগমনে সম্ভবনা নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু, দেশের বৈদ্যুতিক গাড়ির জন্য পরিকাঠামোর অভাব হওয়ায় বারবারই ভারতে আসার পরিকল্পনা বাতিল করেছে মাস্ক। সম্প্রতি, আমেরিকা গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে ইলন মাস্কের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। সূত্রের খবর, সেই বৈঠকে হয়তো টেসলার আগমন নিয়ে কথাও হয়েছে দু’জনের মধ্যে। আর তারপর থেকে তুঙ্গে উঠেছে জল্পনা।
তবে ভারতের গাড়ির বাজার বুঝতে টাটার প্রতিই যে আনুগত্য দেখাতে চলেছে মাস্কের সংস্থা, এমনটাও বলছেন অনেকে। সম্প্রতি প্রয়াত শিল্পপতি রতন টাটার প্রতি ইলনের ভক্তি কিন্তু বরাবরের। ২০০৯ সালে মার্কিন সাংবাদিক চার্লি রোজের সঙ্গে একটি সাক্ষাৎকারে এই ভারতীয় শিল্পপতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ইলন। কীভাবে অল্প টাকায় ভারতের বাজারে চার চাকা গাড়ি এনেছেন রতন টাটা, সেই বিষয়েই শিল্পপতির প্রশংসা করেন তিনি।
এবার ১৫ বছর পেরিয়ে দেশে যখন বেড়েছে মাস্কের সংস্থার আগমনে জল্পনা। সেই পরিস্থিতিতে ‘পুরনো টানে’ রতন টাটার কোম্পানির দিকেই যেন ঝোঁক বাড়াচ্ছেন মাস্ক।