
নয়া দিল্লি: মোবাইলে একটানা যদি ‘১৬০০’ নম্বর সিরিজ থেকে ফোন আসে, তাহলেও সেই নম্বর ব্লক করতে পারবেন না। শুক্রবার এ কথা স্পষ্ট জানিয়ে দিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বা ট্রাই (TRAI)। তারা জানিয়েছে, ‘১৬০০’ সিরিজের নম্বর থেকে আসা ফোন কোনও মোবাইল অ্যাপ ব্লক, ট্যাগ বা ফিল্টার করতে পারবে না, কারণ এই নম্বরগুলি সরকার এবং বিভিন্ন নিয়ন্ত্রিত সংস্থার গুরুত্বপূর্ণ পরিষেবামূলক যোগাযোগের জন্য নির্ধারিত।
ট্রাই (TRAI) জানিয়েছে, টেলিকম কমার্শিয়াল কমিউনিকেশনস কাস্টমার কমিউনিকেশন কাস্টমার প্রেফারেন্স রেগুলেশন (Telecom Commercial Communications Customer Preference Regulations) অনুযায়ী ‘১৬০০’ সিরিজের কল ব্লক বা স্প্যাম হিসেবে চিহ্নিত করার অনুমতি নেই।
ট্রাই জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক (RBI), সেবি (SEBI), আইআরডিএআই (IRDAI) এবং পিএফআরডিএ (PFRDA)-র মতো নিয়ন্ত্রক সংস্থার আওতায় থাকা ব্যাঙ্ক, আর্থিক পরিষেবা এবং বিমা সংস্থাগুলি গ্রাহকদের পরিষেবা ও লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ১৬০০ সিরিজের নম্বর ব্যবহার করে। এছাড়াও, বিভিন্ন সরকারি দফতরও নাগরিকদের সঙ্গে যোগাযোগের জন্য এই নম্বর সিরিজ ব্যবহার করে।
TRAI-র দাবি, গুরুত্বপূর্ণ পরিষেবার ফোন যাতে মানুষ সহজে চিনতে পারেন এবং বিশ্বাস করতে পারেন, সেই উদ্দেশ্যেই ১৬০০ সিরিজের আলাদা নম্বর চালু করা হয়েছে।
সেখানেই ‘১৪০’ নম্বর সিরিজ ব্যবহার করে রেজিস্টার্ড টেলিমার্কেটিং সংস্থাগুলি প্রচার বা মার্কেটিং কল করে থাকে।
ট্রাই (TRAI) জানিয়েছে, ‘১৪০’ সিরিজের প্রচারমূলক কল শুধুমাত্র ‘ডু নট ডিস্টার্ব’ (DND) পরিষেবার মাধ্যমে বন্ধ করা যাবে। কোনও মোবাইল অ্যাপ এই কল ব্লক বা ফিল্টার করতে পারবে না।
গ্রাহকরা ডিএনডি (DND)-তে নিজেদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট কোনও নির্দিষ্ট ক্ষেত্রে বা সব ধরনের প্রচারমূলক কল বন্ধ করার আবেদন করতে পারেন। যদি কোনও নির্দিষ্ট ক্ষেত্রের কল বন্ধ করে দেন, তাহলে সেই ক্ষেত্রের ১৪০ সিরিজের আর কোনও ফোন পাবেন না।
১৬০০ ও ১৪০ সিরিজের নম্বর থেকে আসা কলকে ‘স্প্যাম’ বা ‘ফ্রড’ হিসেবে চিহ্নিত করা যাবে না। ট্রু-কলারের তথ্য অনুযায়ী, এই দুই নম্বর সিরিজ থেকে প্রতিদিন আসা প্রায় ৫.১ কোটি ফোনকলের উত্তরই দেন না মানুষ। ২০২৫ সালের অক্টোবর থেকে ১৬০০ সিরিজের নম্বর ব্লক করার ঘটনা ২০৮ শতাংশ বেড়েছে। গত আট মাসে এই সিরিজের বিরুদ্ধে ৭.৪ কোটিরও বেশি ম্যানুয়াল ব্লক করা হয়েছে।
বর্তমানে ট্রুকলারের ব্যবহারকারীরা প্রতিদিন ১৪০ সিরিজের প্রায় ৪ লক্ষ এবং ১৬০০ সিরিজের প্রায় ১.২৫ লক্ষ কল নিজেরাই ব্লক করছেন বলে জানান তিনি।