
নয়া দিল্লি: অনলাইনে পেমেন্ট আর ফ্রি থাকবে না? নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা পাঠালেই লাগবে চার্জ? জোর জল্পনা কেন্দ্রের বিল পাশ করানোর জন্য। সংসদে পাশ হয়েছে কর ও অন্যান্য আইন (সংশোধনী) বিল ২০২৬ ( Taxation and Other Laws (Amendment) Bill)। এই আইনের জোরেই ভবিষ্যতে ইউপিআই ট্রানজাকশনে ফিরে আসতে পারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR)।
বর্তমানে ইউপিআই-তে লেনদেন ফ্রি থাকলেও, ভবিষ্যতে ইউপিআই পেমেন্টে চার্জ লাগতে পারে। এই প্রস্তাবিত আইন সরকারকে সেই ক্ষমতাই দিয়েছে, যেখানে প্রয়োজনে এমডিআর চার্জ ফের চালু করতে পারে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদের লোকসভায় কর ও অন্যান্য আইন (সংশোধনী) বিল ২০২৬ পেশ করেনয এই প্রস্তাবিত বিলে পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেম আইন ২০০৭-এ সংশোধন আনার কথা বলা হয়েছে। পাশাপাশি আয়কর আইন ও অর্থ আইনেও পরিবর্তন করার কথা বলা হয়েছে। তবে এই বিলের অন্যতম প্রস্তাবনাই হল ব্যাঙ্ক ও অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ডিজিটাল পেমেন্টে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চাপানোয় যে আইনি নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হল।
ইউপিআই পেমেন্ট বা ট্রানজাকশন করতে আপাতত কোনও চার্জ লাগবে না। মার্চেন্ট ডিসকাউন্ট রেট হল এক ধরনের ফি, যা ব্যবসায়ী বা বিক্রেতারা ব্যাঙ্ক বা অন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের দিতে হয়। গ্রাহকদের এই ফি দিতে হয় না। মূলত মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ীরাই ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য ব্যাঙ্ক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের দিতে হয়।
রিপোর্ট অনুযায়ী, সরকার শুধুমাত্র সীমিত কিছু ক্ষেত্রেই এই চার্জ বসাতে পারে। মূলত যে ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভার বা আয় দেড় কোটি টাকার বেশি, তাদের দুই হাজার টাকার ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এমডিআর দিতে হতে পারে।
বর্তমানে ইউপিআই পেমেন্টে কোনও চার্জ দিতে হয় না সাধারণ মানুষকে। যদি এমডিআর চালু করা হয়, তাহলে ব্যবসায়ীদেরই এই চার্জ দিতে হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ইউপিআই (UPI )ও রুপে (RuPay) পেমেন্টে এমডিআর চার্জ প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের প্রচার বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
বর্তমানে এনলাইন পেমেন্ট ব্যাপকভাবে গৃহীত হয়েছে। তবে পেমেন্ট সার্ভিস পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির আয় সীমিত হচ্ছে। এই কারণেই ইউপিআই-তে এমডিআর ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।