
নয়া দিল্লি: দেশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে নিখরচায় চিকিৎসা পরিষেবা দিতে কেন্দ্রীয় সরকারের বড় উদ্যোগ। চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। বিশ্বের অন্যতম বড় এই সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পে যোগ্য পরিবারগুলি বছরে পাঁচ লক্ষ টাকা অবধি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান। এছাড়া ৭০ বছর ও তার ঊর্ধ্বের সকল প্রবীণ ব্যক্তিরা আলাদাভাবে পাঁচ লক্ষ টাকার কভারেজ পান। সম্প্রতি পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার এই কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিম চালু করেছে।
আয়ুষ্মান ভারত স্কিমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হন। নিখরচায় বড় বড় ও জটিল রোগের চিকিৎসাও সম্ভব হয়। তবে প্রকল্পের নিয়ম সম্পর্কে অনেকেই পর্যাপ্ত ধারণা না থাকায়, অনেক সময় উপভোক্তাদের নানা সমস্যার মুখে পড়তে হয়। কোনও রোগীকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে চিকিৎসা করানোর জন্য, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জেনে রাখা উচিত।
শুধু আয়ুষ্মান কার্ড থাকলেই হবে না। সরকারি উপভোক্তা তালিকায় আপনার নাম সঠিকভাবে রয়েছে কি না, আগে চেক করুন। তথ্যে কোনও ভুল থাকলে, চিকিৎসার সময় সমস্যা হতে পারে।
চিকিৎসার জন্য হাসপাতালে গেলে, আয়ুষ্মান কার্ডের পাশাপাশি একটি বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখুন। ক্যাশলেস চিকিৎসার অনুমোদনের আগে হাসপাতাল পরিচয় যাচাই করে। তাই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সঙ্গে রাখা উচিত।
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ক্যাশলেস চিকিৎসার সুবিধা শুধুমাত্র এমপ্যানেলড বা তালিকাভুক্ত হাসপাতালেই পাওয়া যায়। তাই কোনও হাসপাতালে ভর্তি হওয়ার আগে, ওই হাসপাতালটি আয়ুষ্মান প্রকল্পের অনুমোদিত তালিকায় রয়েছে কি না, তা জেনে নিন।
আয়ুষ্মান প্রকল্পে বহু ধরনের অস্ত্রোপচার, হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার খরচের সুবিধা পাওয়া যায়। তবে সব ধরনের চিকিৎসা বা পরিষেবা এর আওতায় পড়ে না। তাই চিকিৎসা শুরু করার আগে হাসপাতালের কাছ থেকে কোন কোন পরিষেবাগুলিতে ক্যাশলেস কভারেজ পাওয়া হবে, তা জেনে নেওয়া উচিত।
আয়ুষ্মান ভারত অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সক্রিয় ও আপডেট রাখা জরুরি। ওই নম্বর অ্যাকটিভ না থাকলে চিকিৎসার অনুমোদন, গুরুত্বপূর্ণ মেসেজ এবং অন্যান্য তথ্য পাওয়া মুশকিল।
আপনার পরিবারের যাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য, তাঁদের নাম ও তথ্য সঠিকভাবে নথিভুক্ত রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া দরকার। কোনও তথ্য বাদ পড়লে বা ভুল থাকলে হাসপাতালে ভর্তি হতে সমস্যা হতে পারে।
আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে চিকিৎসা পরিষেবাগুলির জন্য উপভোক্তাদের কোনও টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি কোনও এমপ্যানেলড হাসপাতাল সম্পূর্ণ কভার হওয়া চিকিৎসার জন্য টাকা দাবি করে, তাহলে নির্দিষ্ট পদ্ধতিতে অভিযোগ জানানোর সুযোগ থাকে।
আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল লক্ষ্য হল যোগ্য পরিবারগুলির চিকিৎসার আর্থিক বোঝা কমানো। তাই উপভোক্তার তথ্য রাখা, প্রকল্পে কোন চিকিৎসার সুবিধা রয়েছে তা আগে থেকে জেনে নেওয়া এবং সঠিক তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসা করানো হলে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে কোনও অসুবিধা হবে না। এতে প্রয়োজনের সময় দ্রুত ও ঝামেলাহীন চিকিৎসা পাওয়া সম্ভব হবে।