
কলকাতা : ব্যাঙ্কে কাজ করতে চান? তাহলে আপনার জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত কোম্পানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে একটি সুখবর। তারা চলতি অর্থবছরে ২০২৬-২৭ এ প্রায় ১১ থেকে ১২ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ২০০ থেকে ২৫০টি নতুন শাখা খোলার পরিকল্পনা করছে এসবিআই।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসবিআই-এর চেয়ারম্যান সি এস শেট্টি জানান, চলতি অর্থ বছরে ক্ল্যারিকাল ও অফিসার স্টোরে প্রায় ১১-১২ হাজার নিয়োগ হবে। তবে অবসর গ্রহণ করা কর্মীর সংখ্যা ও ভবিষ্যতের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে চূড়ান্ত সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে। অর্থ বছরের শেষে প্রায় ১২ হাজার নতুন কর্মী নিয়োগের সম্ভাবনা আছে।
গতবছরও নিয়োগ সংখ্যা অনেক বেশি ছিল –
২০২৫-২৬ অর্থবছরের এসবিআই ব্যাপক হারে নিয়োগ করেছিল। ওই বছরে মোট ২৫৬৩৩ জন কর্মী নিয়োগ করা হয়। এর মধ্যে ছিলেন ৪৬৪০ জন অফিসার, ১৯৩৪০ জন অ্যাসোসিয়েট ও ১৬৫৩ জন চুক্তিভিত্তিক কর্মী। গত বছর প্রায় ১৫০০ জন স্পেশালিস্ট আইটি অফিসার নিয়োগ করা হলেও চলতি অর্থবছরে এই ক্ষেত্রে এত বড় সংখ্যায় নিয়োগের প্রয়োজন নেই বলে জানিয়েছেন শেট্টি। মার্চ ২০২৬ পর্যন্ত এসবিআই এর মোট কর্মীসংখ্যা প্রায় আড়াই লক্ষ।
দেশজুড়ে এসবিআই-এর ইতিমধ্যেই বিশাল নেটওয়ার্ক আছে। তবুও বাণিজ্যিকভাবে সক্রিয় এলাকাতে আরও শাখা খোলার সুযোগ রয়েছে বলে মনে করছে ব্যাঙ্কটি। চলতি অর্থ বছরে ২৫০টি নতুন শাখা খোলার পরিকল্পনা করছে এসবিআই। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এসবিআই আরও সহজলভ্য হবে। এরমধ্যে বহু প্রতীক্ষিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিও-তেওঁ এসবিআই গোষ্ঠী অংশ নিতে পারে। আইপিওতে এসবিআই ও তার সহযোগী সংস্থা এসবিআই ক্যাপিটাল মার্কেট মিলিয়ে ১% শেয়ার বিক্রি করতে পারে। সব মিলিয়ে, এসবিআই-এর এই নিয়োগ ও শাখা বৃদ্ধি দেশের ব্যাঙ্কিং পরিষেবাকে আরও শক্তিশালী করার পাশাপাশি কর্মস্থানের নতুন সুযোগ তৈরি করবে।