
সান ফ্রান্সিসকো: মেসেজে কথা বলার জন্য এখন সবার পছন্দের অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। খুব তাড়াতাড়িই এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে বড় পরিবর্তন আসতে চলেছে। এবার শুধু তৎক্ষণাৎ মেসেজই নয়, ব্যবহারকারীরা চাইলে মেসেজ শিডিউলও করে রাখতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার চালু করতে চলেছে। বহু প্রতীক্ষিত ‘শিডিউলড মেসেজে’ ফিচারটি চালু করা হবে শীঘ্রই। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো তারিখ ও সময়ে মেসেজ পাঠাতে পারবেন।
বর্তমানে এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে। শোনা যাচ্ছে, এই ফিচারটি শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালু করা হবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো তারিখ ও সময়ে মেসেজ পাঠাতে পারবেন। জন্মদিনের শুভেচ্ছা, অফিসের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের রিমাইন্ডার বা জরুরি মেসেজ ভুলে না গিয়ে আগে থেকেই পাঠিয়ে রাখা যাবে। এতে শেষ মুহূর্তের সমস্যা এড়ানো যাবে।
এর জন্য সেটিংসে যাওয়ার কোনও প্রয়োজন পড়বে না। সরাসরি চ্যাট থেকেই মেসেজ শিডিউল করতে পারবেন ব্যবহারকারীরা। WABetaInfo-র তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সরাসরি চ্যাট উইন্ডো-তে এই নতুন শিডিউলিং ফিচারটি থাকবে। যে বার্তা বা মেসেজ পাঠাতে চান, তা টাইপ করে ‘সেন্ড’ বোতামটি দীর্ঘক্ষণ চেপে ধরলে, মেসেজ কখন পাঠানো হবে, তার তারিখ ও সময় নির্দিষ্ট করে রাখার অপশন দেখা যাবে।
বর্তমানে কিছু ব্যবহারকারী এই ফিচারটি ব্যবহার করার জন্য অ্যাপল শর্টকাট এবং থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করছেন। তবে এটি ব্যবহারকারীর গোপনীয়তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে। এখন এই ফিচারটি সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যেই চালু হওয়ায়, এতে ব্যবহারকারীদের সুবিধা হবে।
এই শিডিউল মেসেজ আলাদাভাবেও পাঠানো যাবে। এর জন্য হোয়াটসঅ্যাপে একটি সেকশন থাকবে। এতে মেসেজ পাঠানোর জন্য একটি তালিকা তৈরি করা হয়। এতে পাঠানোর তারিখ এবং সময়ও অন্তর্ভুক্ত থাকে। প্রয়োজনে আপনি এটি এডিট করতে পারেন। চাইলে আপনি ওই শিডিউল করা মেসেজ ডিলিটও করতে পারেন। এই সুবিধা শুধুমাত্র ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রেই নয়, গ্রুপের ক্ষেত্রেও প্রযোজ্য। এই ফিচারটি ১০ মিনিট থেকে ২ সপ্তাহ পর্যন্ত শিডিউল করা যাবে।