
নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপে বিভ্রাট। সোমবার হঠাৎ করেই একের পর এক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। বহু ব্যবহারকারীর ফোনে মেসেজ আসে আন্ডার রিভিউ। তারপরই জানানো হয়, ২৪ ঘণ্টা অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। এই ঘটনায় সমস্যায় পড়েন হাজার হাজার ব্যবহারকারী। অনেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন।
ভারতীয় সময় সোমবার রাত প্রায় ৮টা নাগাদ হঠাৎ ব্যবহারকারীদের ফোনে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল,’অ্যাকাউন্ট রিভিউতে রয়েছে। ব্যবহারকারীর অ্যাকাউন্টের কার্যকলাপ ও ডিভাইসের তথ্য খতিয়ে দেখা হচ্ছে, যাতে তা হোয়াটসঅ্যাপের পরিষেবার শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করা যায়। সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই ফলাফল জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এই মেসেজের নীচে আবার একটি অপশন ছিল। Learn about account issue অর্থাৎ অ্যাকাউন্টের সমস্যার সম্পর্কে জেনে নেওয়ার বার্তা। সেখানে দায়িত্বশীলভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের নির্দেশিকা এবং চুরি যাওয়া ফোন বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের লিঙ্ক রয়েছে। যাঁদের ফোনে বা হোয়াটসঅ্যাপে এই ধরনের মেসেজ এসছে, তাঁদের অ্যাকাউন্ট সাময়িক বন্ধ হয়ে যায়। কোনও ফিচারই কাজ করছিল না বলে জানা গিয়েছে।
ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বহু ব্যবহারকারী। এক ব্যবহারকারী লেখেন, “কোনও কারণ না জানিয়েই আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আমি ইতিমধ্যেই আবেদন করেছি, কিন্তু সেখানে শুধু লেখা রয়েছে ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি পর্যালোচনা করা হবে। জরুরি ভিত্তিতে সাহায্য চাই।”
এই বিষয়ে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেন, “আমরা সবসময় এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি, যারা আমাদের পরিষেবার অপব্যবহার করেন। ব্যবহারকারীদের নিরাপদ রাখতে প্রয়োজন হলে অ্যাকাউন্ট নিষিদ্ধও করা হয়। তবে কখনও কখনও ভুলবশতও এমন হতে পারে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করে ব্যবহারকারীদের আবার পরিষেবা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি।”