
নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসছে আরও একটি বড় পরিবর্তন। এবার আর অন্য ডিভাইসে অ্যাকাউন্ট লগ-ইন করতে কিউআর (QR) কোড স্ক্যান করতে হবে না। তার বদলে পাসকি (Passkey) ব্যবহার করেই সহজে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ লগ-ইন করা যাবে। এই নতুন ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আনা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে আইফোনে কবে আসবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি মেটার তরফে।
সাধারণত কোনও কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে মোবাইল থেকে একটি QR কোড স্ক্যান করতে হয়। স্ক্যান সম্পূর্ণ হলে তবেই অন্য ডিভাইসে অ্যাকাউন্ট লগ-ইন হয়। তবে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে সেই ঝামেলা আর থাকছে না। হোয়াটসঅ্যাপ যে ফিচারটি আনছে, তার নাম পাস-কি বেসড ডিভাইস লিঙ্কিং ফিচার। তবে QR স্ক্যানও পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে না। নতুন ফিচারটি শুধুমাত্র অতিরিক্ত একটি বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।
পাসকি হল এমন একটি নিরাপত্তা ব্যবস্থা, যেখানে ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক বা স্ক্রিন লক ব্যবহার করেই ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হয়। এটি ডিভাইসে অথবা পাসওয়ার্ড ম্যানেজারে সেভ করা যায়। বিশেষজ্ঞদের মতে, পাসকি সাধারণ পাসওয়ার্ডের তুলনায় অনেক বেশি নিরাপদ। হ্যাকিং ঝুঁকিও এতে অনেক কম।
ফিচারটি চালু হলে অন্য ডিভাইস লিঙ্ক করার সময় হোয়াটসঅ্যাপে একটি কনফার্মেশন রিকোয়েস্ট আসবে। সেখানে কনটিনিউ অপশনে ক্লিক করলেই পাসকির মাধ্যমে ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলে যাবে। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তার জন্য QR কোড স্ক্যান করারও প্রয়োজন হতে পারে। অর্থাৎ QR কোডের ব্যবস্থা পুরোপুরি বন্ধ হচ্ছে না।
এই সুবিধা ব্যবহার করতে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটি পাসকি তৈরি করতে হবে। এর জন্য পরপর এই ধাপগুলি অনুসরণ করতে হবে।
প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে।
তারপর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।
পাস-কি অপশন ক্লিক করুন।
নির্দেশ অনুযায়ী পাসকি তৈরি করুন।
একবার পাসকি তৈরি হয়ে গেলে, সেটি ব্যবহার করেই ভবিষ্যতে সহজে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে।