CRED Founder Kunal Shah: Whatsaap-এর নয়া গ্লোবাল সিইও কুণাল শাহ, স্বপ্নপূরণের জন্য ছাড়েন পড়াশোনা, চেনেন এই ভারতীয় উদ্যোগপতিকে?

Whatsapp New Global CEO: কুণাল শাহ একজন উদ্যোগপতি। প্রথম থেকেই স্বপ্ন ছিল নিজের ব্যবসা হবে, নিজের সংস্থা তৈরি করবেন। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে পড়াশোনাও ছেড়েছিলেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ের উইলসন কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি পাশ করেন। পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি স্বপ্নপূরণের পথে পা বাড়ান। কীভাবে সাফল্য এল তাঁর কেরিয়ারে?

CRED Founder Kunal Shah: Whatsaap-এর নয়া গ্লোবাল সিইও কুণাল শাহ, স্বপ্নপূরণের জন্য ছাড়েন পড়াশোনা, চেনেন এই ভারতীয় উদ্যোগপতিকে?
কুণাল শাহImage Credit source: x

Jun 23, 2026 | 11:18 AM

নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপের নতুন সিইওকে (Whatsapp Global CEO) নিয়ে হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করছেন কুণাল শাহ (Kunal Shah)। তাঁকেই হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও করেছে মেটা (Meta)। ২০১৯ সাল থেকে হোয়াটসঅ্যাপের নেতৃত্বে থাকা উইল ক্যাথকার্টের জায়গায় একজন ভারতীয় উদ্যোগপতিকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু কে এই কুণাল শাহ, কেন একজন ভারতীয়কেই বেছে নিল মার্ক জ়ুকারবার্গের সংস্থা?

কুণালের সংস্থায় মেটার বিনিয়োগ

ক্রেড-এর প্রতিষ্ঠাতা কুণাল শাহ। ক্রেড মূলত এমন একটি ফিনটেক অ্যাপ, যা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করলে গ্রাহকদের পুরস্কৃত করে। তাঁরই সংস্থায় প্রায় ৯০ কোটি ডলার বিনিয়োগ করতে চলেছে মেটা। ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বিনিয়োগের ফলে ভারতীয় স্টার্টআপটিতে প্রায় ২০ শতাংশ শেয়ার পাবে জ়ুকারবার্গের সংস্থা।

কে কুণাল শাহ?

কুণাল শাহ একজন উদ্যোগপতি। প্রথম থেকেই স্বপ্ন ছিল নিজের ব্যবসা হবে, নিজের সংস্থা তৈরি করবেন। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে পড়াশোনাও ছেড়েছিলেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ের উইলসন কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি পাশ করেন। তারপর এনএমআইএমএস-এ ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়েছিলেন তিনি। তবে মাত্র এক বছর পরই পড়াশোনা ছেড়ে দেন। বেছে নিয়েছিলেন নিজের স্বপ্নকেই। সেখান থেকেই শুরু হয়েছিল তাঁর সাফল্যের যাত্রা। ২০১৮ সালে কুণাল প্রতিষ্ঠা করেন ক্রেড নামে ওই সংস্থা।

ক্রেড বর্তমানে প্রতি মাসে প্রায় ১ কোটি ৭০ লক্ষ সক্রিয় ব্যবহারকারীকে পরিষেবা দেয়। এর আগে কুণাল শাহের প্রতিষ্ঠিত ফ্রিচার্জ (FreeCharge) ভারতে অনলাইন পেমেন্ট ব্যবস্থার পথিকৃৎ হিসেবে পরিচিতি পেয়েছিল। এছাড়াও তিনি একজন ইনভেস্টরও। ইতিমধ্যেই ২৫০-রও বেশি স্টার্টআপে বিনিয়োগ করেছেন , যার মধ্যে একাধিক ইউনিকর্ন সংস্থাও রয়েছে।

সেই কুণালই এখন হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও। কেন ভারতের উদ্যোগপতিকে বেছে নেওয়া হল, এই বিষয়ে জুকারবার্গ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ” কুণালের মধ্যে একজন নির্মাতার মানসিকতা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং প্ল্যাটফর্ম পরিচালনার জন্য এই গুণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য়, উইল ক্যাথকার্টের নেতৃত্বে থাকাকালীন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এবার তিনি সংস্থার মধ্যেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন। মেটা জানিয়েছে, তিনি ভবিষ্যতে নতুন প্রোডাক্ট তৈরির কাজ করবেন। হোয়াটসঅ্যাপের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর কুণাল শাহের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে নতুন আয়ের উৎস তৈরি করা। কুণাল শাহকে স্বাগত জানিয়েছেন মেটার চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স। কুণাল শাহকে নিয়ে আসার নেপথ্যে তাঁর ভূমিকাও রয়েছে বলে জানা গিয়েছে। ক্রিস কক্স বলেন, “কুণাল শাহ ভারতের অন্যতম বিখ্যাত উদ্যোক্তা। মানুষের জীবনে প্রযুক্তির ইতিবাচক প্রভাব নিয়ে তিনি বরাবরই গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন।”

বেঙ্গালুরুর বাসিন্দা কুণাল শাহ নতুন দায়িত্ব নেওয়ার পরই আমেরিকায় পাড়ি দেবেন বলে জানা গিয়েছে। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দফতর হবে তাঁর নতুন কাজের ঠিকানা। নতুন দায়িত্ব পাওয়া পর অবশ্যই ক্রেডের পদ ছাড়তে হবে তাঁকে। জানা গিয়েছে, ক্রেডের অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নেবেন মিতেন সম্পত।

মেটা সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি ক্ষেত্রে একের পর এক বড় বিনিয়োগ করে চলেছে। গত বছর সংস্থাটি Scale AI-এ ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে এবং প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াংকে নিজেদের AI গবেষণা বিভাগের দায়িত্ব দেয়।

Follow Us