India-Venezuela Oil Supply: ভেনেজুয়েলার ভূমিকম্পে কি ভারতে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাবে?

Venezuela Earthquake Effect: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বাকি দেশের মতো ভারতেও ক্রুড তেল সরবরাহ বিঘ্নিত হয়েছিল। সেই সঙ্কটের সময়ে ত্রাতা হয়েছিল ভেনেজুয়েলা। বিগত দুই মাস ধরে ভারত ভেনেজুয়েলা থেকে ক্রুড তেলের আমদানি বিপুল হারে বাড়িয়েছে। 

India-Venezuela Oil Supply: ভেনেজুয়েলার ভূমিকম্পে কি ভারতে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাবে?
ভেনেজুয়েলার ভূমিকম্পের প্রভাব পড়বে ভারতেও?Image Credit source: PTI

|

Jun 26, 2026 | 6:20 PM

নয়া দিল্লি: সুদূর ভেনেজুয়েলায় ভয়ঙ্কর ভূমিকম্প (Venezuela Earthquake)। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে এই দেশ। ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে ভেনেজুয়েলার বাড়িঘর। রাস্তাঘাটও ভেঙে দুই খণ্ড হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১০০ পার করে গিয়েছে। আহত হাজারেরও বেশি মানুষ। ভেনেজুয়েলার এই বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত (India)। তবে ভেনেজুয়েলার ভূমিকম্পে কি ভারতেরও বিপদ হল? দেশের পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price) বেড়ে যাবে ভেনেজুয়েলার ভূমিকম্পের কারণে?

ভেনেজুয়েলা ভারত থেকে অনেক দূরে অবস্থিত। তবুও ভারতে এর ভূমিকম্পের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ভারত এখন ভেনেজুয়েলা থেকে ক্রুড তেল কিনছিল সস্তা দামে। এখনও পর্যন্ত ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্রুড তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার খবর না মিললেও, এই সঙ্কটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভেনেজুয়েলার উপরে ভারতের নির্ভরশীলতা- 

ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বাকি দেশের মতো ভারতেও ক্রুড তেল সরবরাহ বিঘ্নিত হয়েছিল। সেই সঙ্কটের সময়ে ত্রাতা হয়েছিল ভেনেজুয়েলা। বিগত দুই মাস ধরে ভারত ভেনেজুয়েলা থেকে ক্রুড তেলের আমদানি বিপুল হারে বাড়িয়েছে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত এপ্রিল ও মে মাসে ভারতের সবথেকে বড় তেল সরবরাহকারী হিসাবে উঠে এসেছে ভেনেজুয়েলা। আগে যেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে ৬৪ হাজার মেট্রিক টন তেল আমদানি করা হয়েছিল, তা চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-মে মাসেই ১ মিলিয়ন বা ১০ লক্ষ মেট্রিক টন পার করেছে। ভেনেজুয়েলার ক্রুড তেল ভারতীয় রিফাইনারিগুলির কাছে অনেক দামি কারণ এই ক্রুড তেল অনেক ভারী হয়।

ভেনেজুয়েলার কী হাল?

ভূমিকম্পের পর ভেনেজুয়েলার যে ছবি উঠে এসেছে, তাতে শহরের পর শহর জুড়ে শুধুই ধ্বংসস্তূপ দেখা গিয়েছে। যেভাবে জোড়া ভূমিকম্পের ধাক্কায় বিল্ডিংগুলি ভেঙে পড়েছে, তাতে সেখানকার ওয়েল রিফাইনারি, পাইপলাইন, এক্সপোর্ট টার্মিনালেরও ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ভেনেজুয়েলার সবথেকে বড় তেল পরিকাঠামোয় বিশেষ কোনও ক্ষতি হয়নি। তেল উত্তোলনেও বিশেষ প্রভাব পড়েনি।

ভারতে কী জ্বালানি সঙ্কট দেখা দেবে?

আপাতদৃষ্টিতে নতুন করে ভারতে জ্বালানি সঙ্কটের সম্ভাবনা নেই কারণ ভারত ৩৫টিরও বেশি দেশ থেকে ক্রুড তেল আমদানি করছে। রাশিয়া থেকেই সবথেকে বেশি তেল আমদানি করা হয়। এছাড়া ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, আমেরিকা, ব্রাজিল সহ একাধিক দেশ থেকে তেল আমদানি করে। তাই এখনই সঙ্কট দেখা দেওয়ার কোনও সম্ভাবনা নেই।

Follow Us