LPG: দেড় মাস চলবে একটা LPG Cylinder, এভাবে রান্না করলে ২৫ শতাংশ কমবে খরচ

LPG Saving Tips: অনেকেই খাবার বা জল ফুটে ওঠার পরও চড়া আঁচে রান্না করেন। ইন্ডিয়ান অয়েল বলছে, এতে খাবার দ্রুত রান্না হয় না, বরং অপ্রয়োজনীয়ভাবে গ্যাসের অপচয় হয়। ফুটে উঠলেই আঁচ কমিয়ে দিলে ২৫ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় হতে পারে।

LPG: দেড় মাস চলবে একটা LPG Cylinder, এভাবে রান্না করলে ২৫ শতাংশ কমবে খরচ
প্রতীকী চিত্র।Image Credit source: Pexels

|

Jul 20, 2026 | 7:31 AM

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় উত্তেজনা এবং ইরানকে ঘিরে অস্থিরতার জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এখনও সেই সঙ্কট কাটেনি। বরং নতুন করে সংঘাত শুরু হয়েছে আবার। ফের কি তাহলে এলপিজি সঙ্কট দেখা দেবে? দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি (LPG) সরবরাহ নিয়ে উদ্বেগ। এরই মধ্যে রান্নার গ্যাসের অপচয় কমাতে গুরুত্বপূর্ণ পরামর্শ দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল (Indian Oil)। রান্নার কিছু সহজ নিয়ম মেনে চললে ২৫ শতাংশ পর্যন্ত এলপিজি (LPG) সাশ্রয় করা সম্ভব হবে।

ইন্ডিয়ান অয়েল তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছে, স্মার্ট কুকিং পদ্ধতি শুধু গ্যাসই বাঁচায় না, রান্নাকেও আরও কার্যকর করে তোলে।

কীভাবে গ্যাস বাঁচাবেন?

১. ফুটে উঠলেই আঁচ কমিয়ে দিন

অনেকেই খাবার বা জল ফুটে ওঠার পরও চড়া আঁচে রান্না করেন। ইন্ডিয়ান অয়েল বলছে, এতে খাবার দ্রুত রান্না হয় না, বরং অপ্রয়োজনীয়ভাবে গ্যাসের অপচয় হয়। ফুটে উঠলেই আঁচ কমিয়ে দিলে ২৫ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় হতে পারে।

২. প্রেসার কুকার ব্যবহার করুন

সাধারণ হাঁড়ির তুলনায় প্রেসার কুকারে রান্না করলে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস বাঁচে। প্রেশার কুকারে ভাত রান্নায় প্রায় ২০ শতাংশ, ডালে ৪৬ শতাংশ এবং মাংস রান্নায় ৪১.৫ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয় করা সম্ভব।

৩. হাঁড়ি বা পাত্র ঢেকে রান্না করুন

খোলা পাত্রে রান্না করলে বাষ্পের সঙ্গে তাপও বেরিয়ে যায়। ঢাকা দিয়ে রান্না করলে তাপ আটকে থাকে, ফলে খাবার দ্রুত সেদ্ধ হয় এবং কম গ্যাস খরচ হয়।

৪. ডাল-ছোলা-চাল আগে ভিজিয়ে রাখুন

ডাল, চাল, ছোলা বা রাজমার মতো খাবার রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেগুলি দ্রুত সেদ্ধ হয়। উদাহরণ হিসাবে ছোলা সারারাত ভিজিয়ে রাখলে প্রায় ২২ শতাংশ গ্যাস সাশ্রয় করা যায়।

স্মার্ট কিচেন টিপস-

বার্নার পরিষ্কার রাখুন

গ্যাস বার্নারে ময়লা বা কার্বন জমলে আগুনের শিখা কম আসে, আঁচ কমে যায়। গ্যাসে নীল শিখা ভালো দহনের লক্ষণ। যদি শিখার রং হলুদ বা কমলা হয়, তাহলে বুঝবেন, বার্নার পরিষ্কার করার সময় এসেছে।

ভেজা বাসন সরাসরি বার্নারে বসাবেন না

বাসনের গায়ে জল থাকলে সেই জল শুকোতে অতিরিক্ত গ্যাস খরচ হয়। তাই রান্নার আগে কাপড় দিয়ে বাসন মুছে নিন। তারপর বার্নারে বসান।

হাঁড়ির মাপ অনুযায়ী বার্নার ব্যবহার করুন

ছোট পাত্রের জন্য ছোট বার্নার ব্যবহার করলে ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয় হতে পারে।

এছাড়া সবজি কাটা, মশলা তৈরি বা অন্যান্য প্রস্তুতির কাজ আগেই সেরে রাখা উচিত। এতে অযথা গ্যাস জ্বালিয়ে রেখে সময় নষ্ট হবে না এবং গ্যাসও কম খরচ হবে।

কেন এই পরামর্শ গুরুত্বপূর্ণ?

বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবের মধ্যে গৃহস্থালির খরচ কমাতে LPG-এর সাশ্রয়ী ব্যবহার এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন রান্নায় এই সহজ অভ্যাসগুলি গড়ে তুললে শুধু গ্যাসের বিলই কমবে না, জ্বালানির অপচয়ও অনেকটাই রোধ করা সম্ভব।

Follow Us