
টলিপাড়ায় সুখবর। অত্যন্ত নামী এক গায়ক প্রথমবারের জন্য বাবা হবেন। গায়িকার সঙ্গে গায়কের বিয়ের খবরে খুশি ছিল টলিপাড়া। এবার তাঁদের পরিবার বড় হতে চলেছে। গায়িকা বেশ কয়েক মাস ধরেই সন্তানসম্ভবা। তাঁদের প্রিয়জনরা জানেন সে কথা। তবে বিষয়টা তাঁরা ঘোষণা করতে চান, সন্তান পৃথিবীতে আসার পরে। যেহেতু প্রিয়জনরা বিষয়টা জানেন, তাই সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি একটি হিট ছবির সঙ্গীত হেঁশেল সামলেছেন এই গায়ক।
সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী। কাঞ্চন মল্লিক এবার ছেলের বাবা হলেন। কিন্তু প্রথমবারের মতোই তাঁরা শ্রীময়ীর সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষণা করেননি। ছেলে হওয়ার পরে টিভি নাইন বাংলাকে শ্রীময়ী বললেন, ”আমি আর আমার সন্তান, দু’ জনেই সুস্থ রয়েছি। নভেম্বর মাসে, পুরী থেকে ফেরার পর বুঝতে পারি, আমি প্রেগন্যান্ট। কাঞ্চন আমায় জিজ্ঞাসা করেছিল, ‘২৯ বছরের মধ্যে দু’ বার মা হবি, সব কিছু সামলাতে পারবি তো?’ বলেছিলাম, আমি খুব খুশি। আমাকে, আবার মা হওয়ার ব্যাপারে খুব উৎসাহ দিয়েছে, দিদি ঋতুপর্ণা সেনগুপ্ত। আমাকে কয়েকদিন আগে সাধও খাইয়েছে ঋতুদি।”
অক্টোবর মাসে আর এক অভিনেত্রী মা হতে চলেছেন। অভিনেত্রী সোহিনী সরকার সন্তানসম্ভবা। দুর্গাপুজোর কাছাকাছি সময়ে শোভন গঙ্গোপাধ্যায় আর সোহিনী সরকারের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে সে কথা তাঁরা ঘোষণা করেছেন। পরিচালক রাজা চন্দ আর পিয়ান সরকারও নতুন অতিথিকে স্বাগত জানাতে তৈরি। সম্প্রতি পিয়ানের সাধের ছবি দেখা গিয়েছেন সমাজ মাধ্যমে। এগুলো খুশির খবর টলিপাড়ার জন্য।