Aamir Khan marries Gauri Spratt today: অপেক্ষার অবসান! বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আমির-গৌরী, কারা কারা এলেন?

Aamir Khan wedding ceremony updates: আজ ৫ জুলাই রবিবার মুম্বইয়ের পালি হিলের বাড়িতে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ে করছেন আমির খান (Aamir Khan)। বর্ষার আমেজে ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হচ্ছে আজই। কারা কারা এলেন?

Aamir Khan marries Gauri Spratt today: অপেক্ষার অবসান! বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আমির-গৌরী, কারা কারা এলেন?
কী বলেছেন আমির?Image Credit source: tv9 network

Jul 05, 2026 | 1:12 PM

অপেক্ষার অবসান, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আমির খান (Aamir Khan) এবং গৌরী স্প্র্যাট। ৫ জুলাই রবিবার সকাল থেকেই পালি হিলের ‘লগান’ তারকার বাংলোয় চাঁদের হাট। টিনসেল টাউনের খবর, আইনি মতে বিয়ে রেজিস্ট্রি করেছেন এই জুটি। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে তৈরি করা হয়েছে মাত্র ১৫০ জনের একটি বিশেষ অতিথি তালিকা। আর সেই তালিকায় নজর কাড়ছেন আমিরের জীবনের অত্যন্ত প্রিয় মানুষেরা।

ইতিমধ্যেই বিয়ের আসরে এসে উপস্থিত হয়েছেন আমিরের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ছবি ‘লগান’-এর পরিচালক আশুতোষ গোয়াড়িকর এবং তাঁর স্ত্রী সুনীতা। অভিনেতার এই বিশেষ দিনে উপস্থিত থাকতে বিদেশ থেকেও এসেছেন বেশ কিছু আত্মীয়স্বজন। তবে এই বিয়ের সবচেয়ে সুন্দর দিক হলো আমিরের তিন সন্তান, জুনায়েদ, ইরা এবং আজাদ রাও খানের উপস্থিতি। শুধু তাই নয়, গৌরীর আগের পক্ষের ছয় বছরের ছেলেও মায়ের এই বিশেষ দিনে শামিল হতে এসেছে, যদিও তাকে লাইমলাইট থেকে দূরেই রাখা হয়েছে। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে একে একে এসে হাজির হচ্ছেন দেশের তাবড় ব্যক্তিত্বরা। মুম্বইয়ের পালি হিলে আমিরের বাসভবনে ইতিমিধ্যেই এসে পৌঁছেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani)। উপস্থিত হয়েছেন রাজ ঠাকরে।

 

বলিউডে আমির খান (Aamir Khan) মানেই যে এক অনন্য রুচিবোধ, তা মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী কাজল। এক সাক্ষাৎকারে মজার ছলে তিনি বলেন, “সিনেমা তৈরিতে আমিরের রুচি তো অনবদ্য, তা লগান থেকেই প্রমাণিত। তবে শুধু সিনেমা নয়, নারীদের ক্ষেত্রেও ওঁর পছন্দ দারুণ!” অন্যদিকে প্রবীণ অভিনেত্রী রাখী গুলজার ৬০ বছর বয়সে আমিরের এই বিয়েকে পূর্ণ সমর্থন জানিয়ে হলিউড তারকা রবার্ট ডি নিরোর উদাহরণ টেনেছেন। প্রাক্তন অভিনেত্রী সোমি আলিও সমাজমাধ্যমে এই জুটিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ভালোবাসা কোনও বয়স মানে না।”

আজকের এই শুভক্ষণে গৌরীর প্রশংসায় পঞ্চমুখ মিস্টার পারফেকশনিস্ট। তিনি নিজেই এক জায়গায় স্বীকার করেছেন, “আমি ভেবেছিলাম জীবনে হয়তো আর কোনও জীবনসঙ্গী পাব না। কিন্তু গৌরী আমার জীবনে স্থায়িত্ব আর অপার শান্তি নিয়ে এসেছে। ও আসার পরই আমি নিজেকে সম্পূর্ণ মনে করি।” বেঙ্গালুরুর মেয়ে, লন্ডনে ফ্যাশন ও ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করা গৌরী বর্তমানে মুম্বইয়ে একটি নামী স্যালন পরিচালনা করছেন। ২৫ বছরের পুরনো আলাপ থেকে শুরু হওয়া এই প্রেম আজ অবশেষে বিয়ের পিঁড়িতে পরিণতি পাচ্ছে, যার সাক্ষী থাকছে গোটা বলিউড।

 

Follow Us