Aamir Khan Third Marriage: ‘সত্যিই ভাবতে হবে’, আমিরের ডায়লগ শুনেই খোঁটা, ‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’

Bollywood gossip: অমিতাভ বচ্চনের সামনে বসে আমির খান বলছেন, "ভাবতে হবে!" আর সেই ভিডিয়ো দেখেই হাসির রোল নেটদুনিয়ায়। অভিনেতার সদ্য হওয়া তৃতীয় বিয়ে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। ঠিক কী ভাবার কথা বলেছেন অভিনেতা? কেন শুরু হয়েছে ট্রোলিং?

Aamir Khan Third Marriage: সত্যিই ভাবতে হবে, আমিরের ডায়লগ শুনেই খোঁটা, ‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’
কী ঘটেছে?

Aug 09, 2026 | 11:19 AM

আমির খান (Aamir Khan) পর্দায় এলেই একটা আলাদা ম্যাজিক তৈরি হয়। কিন্তু এবার সেই ম্যাজিকের বদলে নেটদুনিয়ায় রীতিমতো হাসির রোল উঠেছে! ঘটনাটা কী? আগামী ১৪ অগস্ট বড় পর্দায় আসছে নতুন ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’। আর সেই ছবির প্রচারেই অমিতাভ বচ্চনের বিখ্যাত শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে সানি দেওল এবং প্রীতি জিন্টার সঙ্গে হাজির হয়েছেন খোদ মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু শোয়ের প্রোমো ভিডিয়ো সামনে আসতেই দর্শকদের নজর গেল অন্য দিকে। ছবির প্রচার তো দূর, নেটিজেনরা সোজা অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচা দিতে শুরু করেছেন। নিশানায় আমিরের সদ্য হওয়া তৃতীয় বিয়ে!

শোয়ের প্রোমোতে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন এবারের থিম নিয়ে কথা বলছেন। বিগ বি-র দরাজ গলায় শোনা যাচ্ছে, এবারের থিম হল ‘সোচনা পড়েগা’, অর্থাৎ এবার হটসিটে বসে প্রতিযোগীদের একটু বেশিই ভাবতে হবে। অমিতাভের কথায় সায় দিয়ে আমিরও মাথা নেড়ে বলছেন, “হ্যাঁ স্যার, সত্যিই ভাবতে হবে।” ব্যস, এই ডায়লগটাই যেন নেটিজেনদের হাতে মোক্ষম হাতিয়ার তুলে দিয়েছে!

ভিডিয়োর কমেন্ট বক্সে শুরু হয়ে গিয়েছে তুমুল ট্রোলিং। একজন তো সরাসরি প্রশ্নই করে বসেছেন, “বিগ বি, ওঁকে একটু জিজ্ঞেস করুন তো চতুর্থ বিয়েটা কবে করছেন?” আরেকজনের আবার কটাক্ষ, “উনি কি এখানে নিজের এতগুলো বিয়ের গল্প শোনাতে এসেছেন?” অনেকেই আবার বেশ মজা করে লিখেছেন, “তৃতীয় বিয়ের পর এবার তো সত্যিই আপনাকে সব বিষয়ে একটু ভাবতে হবে!”

আসলে গত ৫ জুলাই, ২০২৬-এ দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন আমির। মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে একেবারে কাছের মানুষদের সঙ্গে নিয়ে আইনি বিয়ে সেরেছেন তিনি। কিন্তু এই তৃতীয় বিয়ে নিয়েই নেটপাড়ায় এত জল্পনা। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। ১৬ বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০০৫ সালে জীবনে আসেন কিরণ রাও। সেই সম্পর্কও প্রায় ১৫ বছর পর ২০২১ সালে শেষ হয়ে গিয়েছে। এখন গৌরীর সঙ্গে তাঁর নতুন পথচলা শুরু হলেও, ট্রোলিংয়ের হাত থেকে যে তাঁর রেহাই নেই, সেটা এই ভিডিয়োর কমেন্ট বক্স দেখলেই পরিষ্কার বোঝা যায়।

তবে সোশাল মিডিয়ায় যাই চলুক না কেন, এই এপিসোডটি নিয়ে সাধারণ দর্শকদের উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো। একদিকে অমিতাভ বচ্চন, অন্যদিকে সানি দেওল ও আমির খান! অমিতাভ এবং সানি দেওলের একসঙ্গে স্ক্রিন শেয়ার করাটাও কিন্তু কম বড় চমক নয়। ধর্মেন্দ্রর পর তাঁর ছেলে সানির সঙ্গে বিগ বি-র এই আড্ডা যে বেশ জমবে, তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী ১০ অগস্ট রাত ৯টা থেকে সোনি টিভি-তে শুরু হতে চলেছে কেবিসি-র এই নতুন সিজন। এখন দেখার, এই সব ট্রোলিং পেরিয়ে এপিসোডটি দর্শকদের কতটা মন জয় করতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us