
রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) মানেই পর্দায় নতুন কোনও চমক। তবে এবার তিনি যা করে দেখালেন, তা ভারতীয় সিনেমার ইতিহাসে এর আগে কোনও অভিনেত্রী করার সাহস পাননি। ডুপ্লিকেট বা বডি ডাবল ছাড়াই সোজা নেমে গেলেন অতল জলের তলায়। শুধু নামা নয়, সেখানে রীতিমতো তুলকালাম ফাইট সিকোয়েন্সের শুটিং শেষ করলেন ‘ন্যাশনাল ক্রাশ’। পরিচালকের অ্যাকশন আর কাটের মাঝে টানা ২০ ঘণ্টা জলের নিচেই কেটে গেল তাঁর। সিনেমার পর্দায় নায়কদের জলের তলায় মারপিট করতে দেখে অভ্যস্ত দর্শকরা এবার চোখ কপালে তুলতে বাধ্য হবেন।
জানা গিয়েছে, রশ্মিকার আগামী প্যান-ইন্ডিয়া অ্যাকশন থ্রিলার ছবি ‘মিশা’ (Mysaa)-র জন্যই এই অসাধ্য সাধন করা হয়েছে। ছবির নির্মাতারা দাবি করেছেন, এটিই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম কোনও নারীপ্রধান ‘আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স’। আর এই ঐতিহাসিক দৃশ্যের অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী নিজেও।
সোশ্যাল মিডিয়ায় এই শুটের বেশ কিছু এক্সক্লুসিভ ঝলক এবং ক্যামেরার পেছনের ছবি শেয়ার করেছেন নির্মাতারা। জানা গিয়েছে, উপজাতি অধ্যুষিত এলাকার এক আবেগঘন লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। সেখানে রশ্মিকাকে একেবারে অন্য রূপে দেখা যাবে। টানা দু-দিন ধরে প্রায় ২০ ঘণ্টা জলের গভীরে থেকে এই মারাত্মক কঠিন স্টান্টগুলো নিজে করেছেন তিনি। সোশাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে রশ্মিকা লিখেছেন, “আমি জানি বেশ কিছুদিন ধরে আমি গায়েব ছিলাম, কিন্তু আমরা এই কাজটাই করছিলাম। আমার জীবনের সবচেয়ে বড় এবং কঠিন চ্যালেঞ্জ ছিল এটি।”
‘মিশা’ সিনেমাটি পরিচালনা করছেন রবীন্দ্র পুলে এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে আনফর্মুলা ফিল্মস। ২০২৬ সালেই সিনেমাটি রূপালি পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডা সঙ্গে রাজকীয় বিয়ে সেরেছেন রশ্মিকা। জীবনের এত বড় শুভ ক্ষণ, কিন্তু পেশাদার রশ্মিকা বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজি নন। বিয়ের পিঁড়ি থেকে ওঠার পর পর-ই, তিনি নিজেকে সঁপে দিয়েছেন কাজে। নতুন জীবনের শুরুতেই আলিস্যি দূরে সরিয়ে এমন জাঁদরেল স্টান্টের খবর শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এখন দেখার, নতুন জীবনের এই নতুন এনার্জি কতটা ঝড় তোলে বক্স অফিসে।