
অক্ষয় কুমার (Akshay Kumar) মানেই পর্দায় এনার্জির বিস্ফোরণ। ডিসিপ্লিন আর ফিটনেসের দিক থেকে বলিউডে তাঁর ধারেকাছে কেউ ঘেঁষতে পারে না। কিন্তু পেশাদারিত্বের খাতিরে মানুষটা যে কোন স্তরে যেতে পারেন, তা এবার নিজের চোখে দেখে তাজ্জব হয়ে গেলেন ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অক্ষরা সিং। আগামী সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (Welcome To The Jungle)-এর একটি বিশেষ নাচের গান ‘ঘিস ঘিস ঘিস’ (Ghis Ghis Ghis)-এর শুটিং করতে গিয়ে ঘটে এক চরম কাণ্ড। গায়ে ১০৩ থেকে ১০৪ ডিগ্রি ধুম জ্বর, দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই, অথচ সেই অবস্থাতেই ক্যামেরার সামনে পুরোদস্তুর নাচলেন বলিউডের এই খিলাড়ি!
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এই ঘটনার কথা সামনে এনেছেন সহ-অভিনেত্রী অক্ষরা। তাঁর কথায়, বলিউডের এত বড় একজন সুপারস্টারের সঙ্গে কাজ করাটা তাঁর কাছে আজীবন একটা স্বপ্নের মতো ছিল। কিন্তু সেটের সেই অভিজ্ঞতা তিনি কোনওদিনও ভুলতে পারবেন না। অক্ষরা জানান, “সবচেয়ে বড় কথা হল, শুটিং চলার সময় ওঁর শরীরে ১০৩-১০৪ ডিগ্রি জ্বর ছিল। আমি শুধু দূর থেকে ওঁর দিকে হাঁ করে তাকিয়ে দেখছিলাম। একজন মানুষ নিজের কাজ আর অভিনয়কে কতটা ভালোবাসলে তবেই এমনটা করতে পারেন! চরম দায়িত্ববোধ আর নিষ্ঠা নিয়ে উনি পুরো গানটির শুটিং শেষ করেছেন।”
এই ধামাকাদার গানে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে অক্ষরাকেও। তবে বলিউডের এই বিগ বাজেট সিনেমায় সুযোগ পাওয়ার গল্পটাও বেশ চমকপ্রদ। কোরিওগ্রাফার গণেশ আচার্য এবং পরিচালক আহমেদ খানের প্রোডাকশন হাউস থেকে যখন প্রথম এই গানের প্রস্তাব নিয়ে অক্ষরাকে ফোন করা হয়, তখন নাকি ভয়ে এবং চরম উত্তেজনায় পুরো ‘ব্ল্যাঙ্ক’ হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। নার্ভাসনেসের চোটে নাকি বারবার বাথরুমেও ছুটতে হয়েছিল তাঁকে! অক্ষরা হাসতে হাসতে জানান, “যাঁকে এতদিন টিভির পর্দায় দেখে হাততালি দিতাম, হঠাৎ তাঁর সামনে দাঁড়িয়েই নাচতে হবে, এটা ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছিল। মনে হচ্ছিল জীবন যেন নিজের মতো করে অলৌকিক কোনও স্ক্রিপ্ট লিখছে।”
আহমেদ খানের পরিচালনায় এই তারকাখচিত কমেডি সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। অক্ষয় কুমার ছাড়াও এই ছবিতে দেখা যাবে সুনীল শেট্টি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ারসি, রবিনা ট্যান্ডন এবং লারা দত্তর মতো একঝাঁক তারকাকে। তবে সিনেমা মুক্তির ঠিক আগের মুহূর্তে খিলাড়ি কুমারের এই অবিশ্বাস্য ডেডিকেশনের খবর সোশাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।