
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর টানটান উত্তেজনা অব্যাহত। আর পাঁচটা সাধারণ ফুটবলপ্রেমীর মতোই টেলিভিশনের পর্দায় চোখ আটকে রয়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এরও। তবে খেলা উপভোগ করলেও, এই বিশ্বকাপ বিগ বি-কে এক চরম মানসিক টানাপোড়েনের মধ্যে ফেলে দিয়েছে। মাঝরাতে খেলা দেখা থেকে শুরু করে মাঠের রেফারির সিদ্ধান্ত, সব মিলিয়ে তীব্র ক্ষোভ ও দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর। নিজের অফিশিয়াল ব্লগে ফুটবল নিয়ে মনের এই অস্বস্তির কথা অকপটে ভাগ করে নিয়েছেন বলিউডের ‘ডন’।
অমিতাভ জানিয়েছেন, এবারের বিশ্বকাপের সময়সূচির চক্করে তাঁর দৈনন্দিন রুটিন পুরোপুরি ওলটপালট হয়ে গিয়েছে। গভীর রাতের দিকে ম্যাচ থাকায় তাঁর ঘুমের বারোটা বাজছে। তবে শুধু সময়ের খামখেয়ালিপনা নয়, মাঠের রেফারির কিছু সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর মতে, মাঠে এক দলের প্রতি একরকম এবং অন্য দলের প্রতি অন্যরকম পক্ষপাতিত্বমূলক আচরণ করা হচ্ছে, যা দেখে কোনওভাবেই শান্ত থাকা সম্ভব নয়। নিজের ব্লগে বিগ বি লিখেছেন, ‘‘সময় আর রুটিন এখন পুরোপুরি ঘেঁটে গিয়েছে। কারণটা অবশ্যই ২০২৬ বিশ্বকাপ। অদ্ভুত সব সময়ে খেলা হচ্ছে, যা বাকি দিনটাকে আরও কঠিন করে তুলছে। তাও আমরা খেলা দেখছি, প্রিয় দলের জন্য গলা ফাটাচ্ছি, আবার হারলে মন খারাপ করছি। কিন্তু খুবই দুঃখের সঙ্গে দেখছি এক দলের প্রতি অন্যায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আর অন্য দল সুবিধা পেয়ে যাচ্ছে।’’
তবে এই বিশ্বকাপে বড় বড় ফুটবলীয় দেশগুলোর অপ্রত্যাশিত হার এবং তথাকথিত ছোট দলগুলোর লড়াই অমিতাভকে বেশ আনন্দ দিয়েছে। চেনা ছকের বাইরে গিয়ে যেভাবে অচেনা দেশগুলো বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করছে, তা বেশ উপভোগ করছেন তিনি। অভিনেতা আরও যোগ করেন, ‘‘সবাই তো বলে ‘সেরা দলটাই যেন জেতে’, কিন্তু ম্যাচের ফলাফল আসার আগে পর্যন্ত বোঝার কোনও উপায় থাকে না যে আদতে সেরা দল কোনটি!’’
প্রসঙ্গত, ফুটবল বিশ্বকাপ নিয়ে ইদানীং বেশ বড় বিতর্কেও জড়িয়েছেন অমিতাভ। দিনকয়েক আগেই ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচ নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন তিনি। ফরাসি দল ম্যাচ জেতার পর এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘‘ফরাসি দলে ১১ জন খেলোয়াড়ের মধ্যে ১০ জন কৃষ্ণাঙ্গ আর ১ জন শ্বেতাঙ্গ! কৃষ্ণাঙ্গদের শক্তি!’’ বিগ বি-র এই মন্তব্যকে বর্ণবিদ্বেষী ও অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে নেটপাড়ার একাংশ তীব্র সমালোচনা করেন। তাঁদের দাবি ছিল, খেলোয়াড়দের গায়ের রঙে না বিচার করে ফরাসি হিসেবেই দেখা উচিত। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বিশ্বকাপের ম্যাচ নিয়ে নিজের মনের ক্ষোভ ও হতাশার কথা প্রকাশ্যে আনলেন অমিতাভ।