Bollywood: ‘তুমি অভিনয়-টভিনয় কিছুই পারো না!’ কেরিয়ারের শুরুতে কী কী অপমান সহ্য করতে হয় অমিতাভকে?

Amitabh Bachchan height: লম্বা চওড়া চেহারার জন্যই নাকি অভিনয়ে সুযোগ পাচ্ছিলেন না! সেটে দেরি করায় পরিচালক সোজা বলে দিয়েছিলেন ‘বেরিয়ে যাও’। কেরিয়ারের শুরুর সেই চরম অপমানের দিনগুলোর কথা ফাঁস করলেন খোদ অমিতাভ বচ্চন। ঠিক কী কী ঘটে অভিনেতার সঙ্গে?

Bollywood: ‘তুমি অভিনয়-টভিনয় কিছুই পারো না!’ কেরিয়ারের শুরুতে কী কী অপমান সহ্য করতে হয় অমিতাভকে?
কী বলেছেন বিগ বি?Image Credit source: IANS

Aug 19, 2026 | 8:47 AM

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), আজকের দিনে তাঁর হাঁটা-চলা, গলার আওয়াজ আর লম্বা চেহারায় বুঁদ গোটা দেশ। কিন্তু এই মানুষটাকেই নাকি একদিন শুনতে হয়েছিল, ‘‘বড্ড লম্বা, তোমায় দিয়ে অভিনয় হবে না! বাড়ি ফিরে যাও।’’ ভাবা যায়? যাঁকে ছাড়া ভারতীয় সিনেমার ইতিহাস ভাবাই যায় না, তাঁকেই নাকি কেরিয়ারের শুরুতে শুনতে হয়েছিল এমন চরম অপমান!

খোদ ‘বিগ বি’ নিজেই ফাঁস করলেন তাঁর শুরুর জীবনের এই অজানা লড়াইয়ের কথা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে খেলতে এসেছিলেন কমনওয়েলথ গেমসের সোনাজয়ী অ্যাথলিটরা। সেখানেই ভারতীয় বক্সার অস্মিতা দে অমিতাভকে প্রশ্ন করেন, খেলোয়াড়দের মতো শ্যুটিংয়ের শুরুতে পরিচালকদের বকুনি খেতে হত কি না।

প্রশ্নটা শুনেই অমিতাভের মুখে পুরনো দিনের সেই চেনা হাসি। কিন্তু উত্তরে যা বললেন, তা শুনে অনেকেরই চোখ কপালে ওঠার জোগাড়! অমিতাভ সটান বলে দিলেন, ‘‘আরে মশাই, শুরুর দিকে যা বকুনি খেয়েছি না! সেটের লোকেরা মুখের ওপর বলে দিত, তুমি অভিনয়-টভিনয় কিছুই পারো না। এত লম্বা মানুষ দিয়ে কাজ হবে না। তুমি বরং বাড়ি ফিরে যাও।’’

এখানেই শেষ নয়। হাজার কাঠখড় পুড়িয়ে যখন কোনওমতে একটা-দুটো দৃশ্য মিলত, সেখানেও চলত কটাক্ষ। অমিতাভ বলেন, ‘‘যখন কাজ পেতাম, বলত, ওই কোণে গিয়ে দাঁড়াও আর ডায়লগ বলো। তারপর ডায়লগ বললেই চ্যাঁচামেচি, এটা কোনও ডায়লগ বলার কায়দা হল? পদে পদে ভুল ধরিয়ে বকে দিত। আর সেভাবেই বকুনি খেতে খেতেই আস্তে আস্তে নিজেকে তৈরি করেছি।’’

আজকের দিনে যাঁর জন্য পুরো ইউনিট অপেক্ষা করে বসে থাকে, একসময় তিনিই আবার সেটে একটু দেরিতে আসায় চরম অপদস্থ হয়েছিলেন। তখন অমিতাভের নিজের কোনও গাড়ি ছিল না। লিফট চেয়ে কোনওরকমে সেটে পৌঁছে দেখেন, পরিচালক বাইরে দাঁড়িয়ে। সময় পার হয়ে যাওয়ায় পুরো শ্যুটিং বাতিল করে দেওয়া হয়েছে। তাঁকে দেখেই পরিচালক রেগে আগুন! এক মুহূর্ত সময় নষ্ট না করে মুখের ওপর বলে দিয়েছিলেন, ‘‘প্যাকআপ হয়ে গিয়েছে। এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও!’’

সেই অপমান আর লড়াইয়ের দিনগুলো এখন অতীত। আশি পেরিয়েও তিনি এখনও সমান জনপ্রিয়। খুব তাড়াতাড়ি প্রভাসের সঙ্গে ‘কল্কি ২’ ছবিতে আবারও পর্দায় ঝড় তুলতে আসছেন অমিতাভ।

Loading...
Unable to load recommendations.
Follow Us