Ankit Baliyan murder: অঙ্কিত বালিয়ানকে গুলিতে ঝাঁঝরা করে খুন, ভোররাতে পুলিশের পাল্টা গুলিতে মৃত দুই শুটার

Ankit Baliyan murder case: হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ান খুনের ঘটনায় বড় মোড়। জিম থেকে বেরোনোর মুখে প্রকাশ্য রাস্তায় ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল এই তরুণ গায়ক তথা ইউটিউবারকে। এবার উত্তরপ্রদেশের শামলিতে পুলিশের এনকাউন্টারে খতম দুই শুটার সুমিত ও মোহিত। ঠিক কী ঘটেছিল?

Ankit Baliyan murder: অঙ্কিত বালিয়ানকে গুলিতে ঝাঁঝরা করে খুন, ভোররাতে পুলিশের পাল্টা গুলিতে মৃত দুই শুটার
কী ঘটেছে?Image Credit source: tv9 network

Aug 31, 2026 | 8:49 AM

হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ান (Ankit Baliyan)-এর মর্মান্তিক হত্যাকাণ্ডে এক বড় মোড় নিল পুলিশি তদন্ত। জিম থেকে বেরোনোর মুখে প্রকাশ্য রাস্তায় ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল এই তরুণ গায়ক তথা ইউটিউবারকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরপ্রদেশ পুলিশ ও এসটিএফ (STF)-এর যৌথ অভিযানে এনকাউন্টারে প্রাণ হারাল হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত দুই মূল শুটার।

পুলিশ সূত্রে খবর, নিহত দুই শুটারের নাম সুমিত ও মোহিত। দুজনেরই বয়স কুড়ির কোঠায় এবং তাদের মাথার ওপর ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ঘটনাটির সূত্রপাত হয় উত্তরপ্রদেশের শামলি জেলায়। বুধবার সন্ধ্যায় শরীরচর্চা কেন্দ্র থেকে বেরোনোর সময় অঙ্কিতকে লক্ষ্য করে প্রায় ১৮ রাউন্ড গুলি চালানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই গোটা এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। অঙ্কিতের পরিবার ও তাঁর স্ত্রী দ্রুত বিচার চেয়ে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। অন্যদিকে আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যজুড়ে তীব্র আলোচনা শুরু হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের সাহায্যে জানতে পারে, চারজন শুটার দুটি বাইকে এসে এই হামলা চালিয়েছিল। এছাড়াও আরও দুজন হামলার আগে অঙ্কিতের গতিবিধির ওপর নজর রাখছিল।

সোমবার ভোররাতে শামলি জেলায় কড়া নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ভোর প্রায় চারটের সময় একটি বাইকে দুই সন্দেহভাজনকে দেখতে পেয়ে থামতে বলা হয়। কিন্তু তারা পালানোর চেষ্টা করে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে পুলিশের গাড়ির কাচ ভেঙে যায়। সঙ্গে সঙ্গে পুরো এলাকায় সতর্কতা জারি করে চারদিক থেকে ঘিরে ফেলে সোয়াট (SWAT) ও স্পেশাল টাস্ক ফোর্স।

একটি গলির ভেতর লুকিয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে অভিযুক্তরা। পাল্টা আত্মরক্ষায় গুলি চালায় পুলিশও। এই গুলির লড়াইয়ে দুই পুলিশ কর্মী গুরুতর আহত হন। অন্যদিকে পুলিশের গুলিতে জখম হয় দুই অভিযুক্ত। দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রে যুক্ত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি এখনও চলছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us