Anshula Kapoor’s pre-wedding festivities: অংশুলার পর বিয়ের পিঁড়িতে বসবেন অর্জুন কাপুর?

Arjun Kapoor marriage updates: কাপুর পরিবারে এখন বিয়ের সানাই! রোহন ঠাক্করের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার আগে অংশুলা কাপুরের চূড়া অনুষ্ঠানের আবেগঘন মুহূর্তের ছবি প্রকাশ পেয়েছে সমাজমাধ্যমে। তবে কনের হাতের সোনালি 'কলিরে' এসে পড়ল দাদা অর্জুন কাপুর ও বোন শানায়ার মাথায়। পঞ্জাবি প্রথা অনুযায়ী যার মাথায় এই কলিরে পড়ে, তার বিয়েই নাকি সবার আগে হয়! তাহলে কি অংশুলার পর এবার অর্জুনের বিয়ের পালা? বিস্তারিত পড়ুন প্রতিবেদনে।

Anshula Kapoors pre-wedding festivities: অংশুলার পর বিয়ের পিঁড়িতে বসবেন অর্জুন কাপুর?
কেমন হল চূড়া সেরিমনি?Image Credit source: instagram Epic stories

Jul 06, 2026 | 11:46 AM

বলিউডের কাপুর পরিবারে এখন উৎসবের মরশুম। শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর বা খুশি কাপুরদের বোন অংশুলা কাপুর (Anshula Kapoor) খুব শীঘ্রই রোহন ঠাক্করের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। মেহেন্দির পর এবার সামনে এল অংশুলার পঞ্জাবি রীতির চূড়া অনুষ্ঠানের কিছু দারুণ মুহূর্ত। তবে এই সব ছবির ভিড়ে নেটিজেনদের নজর কেড়েছে একটি বিশেষ ঐতিহ্যবাহী প্রথা। আর তা থেকেই বলিপাড়ায় জোর গুঞ্জন, বোনের পর এবার কি তবে অর্জুন কাপুরের (Arjun Kapoor) সানাই বাজার পালা?

 

পঞ্জাবি বিয়ের নিয়ম অনুযায়ী, চূড়া অনুষ্ঠানের সময় কনে তাঁর অবিবাহিত ভাই-বোন ও বন্ধুদের মাথার ওপর দুই হাত নাড়িয়ে সোনালি রঙের ‘কলিরে’ ফেলার চেষ্টা করেন। প্রচলিত বিশ্বাস, যাঁর মাথার ওপর এই কলিরের অংশ ভেঙে পড়ে, পরবর্তী বিয়েটি নাকি তাঁরই হয়। অংশুলার ক্ষেত্রেও ঘটল ঠিক তেমনটাই। হবু কনের হাতের সেই বিশেষ শুভ কলিরে গিয়ে পড়ল তাঁর দাদা অর্জুন কাপুর এবং বোন শানায়া কাপুরের মাথায়! সেই টুকরো হাতে নিয়ে অর্জুন ও শানায়ার মিষ্টি হাসির ছবি এখন সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল। আর এই ঘটনা দেখেই অনুরাগীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি অর্জুন কাপুর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন?

অনুষ্ঠানের কিছু ছবিতে ভাই-বোনের এক দারুণ আবেগঘন রসায়নও ধরা পড়েছে। জীবনের এই বড় সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে আবেগে কেঁদে ফেলেন অংশুলা। আর তখনই দাদা অর্জুন তাঁকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এই মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে অংশুলা সমাজমাধ্যমে লিখেছেন যে, প্রতিটি কলিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ভালোবাসা ও আশীর্বাদ। আর প্রথা অনুযায়ী যখন এটি কারও ওপর পড়ে, তখন তাঁর বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে।

ডিজাইনার পুনিত বালানার চমৎকার সবুজ ও সোনালি রঙের পোশাকে সেজেছিলেন অংশুলা। মেয়েকে আশীর্বাদ করতে হাজির ছিলেন বাবা বনি কাপুরও। এর আগে জাহ্নবী ও খুশি মিলে অংশুলার জন্য একটি সারপ্রাইজ মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যা দেখে আপ্লুত হবু কনে বোনেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বনি কাপুর ও তাঁর প্রথমা স্ত্রী মোনা শুরির দুই সন্তান অর্জুন ও অংশুলা বরাবরই একে অপরের ভীষণ ঘনিষ্ঠ। এখন দেখার, এই ‘কলিরে’ পড়ার লোককথা সত্যি করে কাপুর পরিবারে পরবর্তী বিয়ের পিঁড়িতে কে বসেন!

Follow Us