Anupam Kher Naseeruddin Shah Controversy: ‘অনুপম একজন জোকার’, নাসিরুদ্দিনের পুরনো মন্তব্য ভাইরাল হতেই অনুপম যা বললেন…

৬ বছর পুরনো ‘জোকার’ মন্তব্য নিয়ে ট্রোলাররা কোমর বেঁধে নামতেই মুখ খুললেন অনুপম খের। নাসিরুদ্দিন শাহের সঙ্গে সমস্ত তিক্ততা ভুলে তিনি কীভাবে এগিয়ে গিয়েছেন, তা খোলসা করলেন এক ভিডিয়ো বার্তায়। ঠিক কী ঘটেছে?

Anupam Kher Naseeruddin Shah Controversy: অনুপম একজন জোকার, নাসিরুদ্দিনের পুরনো মন্তব্য ভাইরাল হতেই অনুপম যা বললেন...
কী বলেছেন অভিনেতা?

Jul 14, 2026 | 10:33 AM

শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে অমিতাভ বচ্চন, বলিউডের পয়লা সারির তারকাদের নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য করে চর্চায় থেকেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তবে বছর ছয়েক আগে সহ-অভিনেতা অনুপম খেরকে সরাসরি ‘জোকার’ বলে তাঁর করা একটি মন্তব্য নতুন করে সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে বিটাউনে। পুরনো এই কাসুন্দি ঘেঁটে অনুপম খেরকে যখন নেটজনতার একাংশ ট্রোল করতে শুরু করেন, তখন প্রবীণ এই অভিনেতাও চুপ করে বসে থাকেননি। ট্রোলারদের মোক্ষম জবাব দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যে অতীত নিয়ে এখন নতুন করে জলঘোলা করার চেষ্টা হচ্ছে, তা ভুলে তিনি এবং নাসিরুদ্দিন অনেক আগেই একে অপরকে জড়িয়ে ধরে জীবনে এগিয়ে গিয়েছেন।

সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন অনুপম খের। তিনি জানান, কিছু মানুষের তাঁর স্পষ্ট কথা পছন্দ নয় তাই জাকে নিয়ে ট্রোল করা হচ্ছে। তিনি বলেছেন, “আমাকে আক্রমণ করার জন্য এবং ট্রোল করার জন্য একটি আস্ত ইকোসিস্টেম তৈরি করা হয়েছে। যখন আমার কাজের মধ্যে কোনও খামতি খুঁজে পাওয়া যায়নি, তখন ট্রোলাররা এই ৬ বছর পুরনো ভিডিয়োটি খুঁড়ে বের করেছেন যাতে আমার ভাবমূর্তি নষ্ট করা যায়।”

 

তবে এই পুরো বিষয়টিকে বেশ উপভোগ করেছেন বলেই দাবি করেছেন অনুপম। ট্রোলারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি আরও যোগ করেন, জীবনে যা কিছু অর্জন করেছেন তা নিজের পরিশ্রম এবং সততার জোরেই করেছেন। কারও হুমকিতে তিনি ভয় পান না এবং সর্বদা সত্যের পথেই চলবেন।

 

ঠিক কী ঘটেছিল?

ছয় বছর আগের সেই সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বেশ আক্রমণাত্মক সুরেই বলেছিলেন, “অনুপম খেরের চাটুকারিতার স্বভাব ওঁর রক্তে রয়েছে। ওঁর মতো মানুষকে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই, উনি একজন জোকার।” সেই সময়েই অনুপম পাল্টা জবাবে বলেছিলেন যে, নাসিরুদ্দিন শাহ জীবনে অনেক কিছু পেয়েও তীব্র হতাশায় ভুগছেন। দিলীপ কুমার, রাজেশ খান্না কিংবা বিরাট কোহলির মতো ব্যক্তিত্বদের উদাহরণ টেনে অনুপম বলেছিলেন, এমন মহান তারকাদের তালিকায় তাঁর নাম থাকাটা আসলে গর্বের।

 

তবে কাজ এবং ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে জানেন এই দুই তারকা। পুরনো সেই তিক্ততার দেওয়াল ভেঙে তাঁরা যে এখন সুসম্পর্ক বজায় রাখছেন, তা অনুপমের কথায় স্পষ্ট। বর্তমানে অনুপম খেরকে দেখা গিয়েছে ‘মেট্রো… ইন দিনো’ ছবিতে এবং নাসিরুদ্দিন শাহ ওঁর অভিনয় দক্ষতার ম্যাজিক দেখিয়েছেন ইমতিয়াজ আলির ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’-তে।

Follow Us