
গানের জগৎ থেকে অরিজিৎ সিংয়ের অবসরের খবরে সুরপ্রেমীদের বুকে যে ঝড় উঠেছিল, তা একটু থিতু হতে না হতেই বিশাল ধামাকা! গত ২৭ জানুয়ারি যখন প্লেব্যাক ছাড়ার কথা ঘোষণা করেছিলেন, তখন কোটি কোটি ভক্তের মন একসঙ্গে ভেঙে খানখান হয়ে গিয়েছিল। কিন্তু অরিজিৎ সিং মানেই তো চমক! অবসর ভেঙে তিনি আবার মিউজিক স্টুডিওতে, আবার তাঁর চেনা জাদুকরী গলায় গান গাইতে তৈরি। আর এই ম্যাজিকের নেপথ্যে? ইমরান হাশমির বহু প্রতীক্ষিত ছবি ‘আওয়ারাপান ২’!
তবে প্রশ্ন হল, হুট করে কী এমন হল যে আবার প্লে ব্যাকে রাজি হলেন অরিজিৎ? এই গানের কথা প্রকাশ্যে আসতেই অনেকের মনেই প্রশ্ন এসেছিল, কোনও পুরোনো চুক্তির বাধ্যবাধকতা, নাকি অন্য গল্প? আর এই নিয়ে যখন নেটপাড়ায় জল্পনার পাহাড়, ঠিক তখনই সত্যিটা সামনে আনলেন ছবির সুরকার আমাল মালিক।
সামাজিক মাধ্যমে আমাল স্পষ্ট জানিয়ে দিলেন, এই গান কিন্তু আগে থেকে রেকর্ড করে রাখা বা পুরনো কোনও চুক্তির বিষয় নয়। আমালের কথায়, “আমি আবার শেষবারের মতো বলছি, এটা কোনও পুরনো চুক্তি নয়। মাস কয়েক আগে এই সুরটা অরিজিতের কাছে পাঠিয়েছিলাম। আর তিনি মাত্র গত সপ্তাহে গানটা গাওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন!”
কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদল কেন? আমাল জানান, আসল কারণটা লুকিয়ে রয়েছে গানের মধ্যে। যদি গান মন না ছুঁয়ে যায়, তবে অরিজিৎ কখনওই সেই প্রজেক্টে হাত দেন না। আমাল লেখেন, “কেবল এক খাঁটি সুরই এই সিংহকে তাঁর গুহা থেকে বের করে আনতে পেরেছে। আরও একবার নিজের সবুটুকু উজাড় করে দিয়ে ‘ইয়ে আওয়ারাপান’ গেয়েছেন অরিজিৎ।”
One last time I’m stating this, This song is not some old agreement or something that was already sung and he came to redo it.
This melody was sent a few months back and he has literally agreed only and last week to sing it 😇
It’s mainly his love for me as an artist & friend,…
— Amaal Mallik (@AmaalMallik) July 21, 2026
অবশ্য কেবল সুর নয়, বন্ধুদের প্রতি ভালোবাসাও টেনে এনেছে গায়ককে। আমাল মালিকের সঙ্গে অরিজিতের বন্ধুত্বের কেমিস্ট্রি দারুণ। সঙ্গে যুক্ত হয়েছে ইমরান হাশমি এবং প্রযোজকদের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা। বিশেষ ফিল্মসের সঙ্গে অরিজিতের সম্পর্ক তো নতুন নয়! ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ থেকে শুরু করে ‘মার্ডার ২’-এর ‘ফির মহব্বত’, কিংবা ‘খামোশিয়ান’— অরিজিৎ আর বিশেষ ফিল্মস মিললেই যেন এক একটা ইতিহাস তৈরি হয়।
নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির সঙ্গে দেখা যাবে দিশা পাটানি ও শাবানা আজমিকে। ছবিটি আগামী ১৪ আগস্ট, ২০২৬ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। তবে ছবি আসার আগেই অরিজিতের এই সারপ্রাইজ কামব্যাক যে অনুরাগীদের জন্য সবচেয়ে বড় উপহার, তা নিয়ে দ্বিমত নেই!