Arijit Singh: খ্যাতির শিখরে থেকেও কেন আড়ালে থাকেন অরিজিৎ? জানালেন ‘বিগ বস ২০’-এর কাজি

Qazi Touqeer praises Arijit Singh: অরিজিৎ সিংকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করলেন বিগ বস ২০-এর প্রতিযোগী কাজি তৌকির। বিখ্যাত হতে নয়, জিয়াগঞ্জের মাটিতে মন দেওয়া এক খাঁটি মানুষের গল্প বললেন পুরোনো বন্ধু। কী বলেছেন তিনি?

Arijit Singh: খ্যাতির শিখরে থেকেও কেন আড়ালে থাকেন অরিজিৎ? জানালেন ‘বিগ বস ২০’-এর কাজি
অরিজিতকে নিয়ে কী বলেচেন তিনি?

Sep 09, 2026 | 10:11 AM

অরিজিৎ সিং (Arijit Singh)—এর সুরের জাদুতে মুগ্ধ সকলে। অথচ এত বড় একজন তারকা প্রচারের আলো থেকে নিজেকে কীভাবে দূরে সরিয়ে রাখেন, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তাঁর পুরোনো বন্ধু কাজি তৌকির। সদ্য ‘বিগ বস ২০’-এর ঘরে পা রাখা কাজি এক পুরনো সাক্ষাৎকারে নিজের ‘ভাই’-কে নিয়ে এমন কিছু সত্যি কথা বলেছেন, যা এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে।

অরিজিতকে নিয়ে কী বলেছিলেন তিনি?

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ মঞ্চে দুজনের আলাপ। সেই দিনগুলোর স্মৃতি হাতড়ে কাজি স্পষ্ট জানান, শুধু বিখ্যাত হওয়ার লোভে অরিজিৎ কখনও কোথাও ছুটে যাবেন না। বন্ধুর স্বভাব বুঝিয়ে দিতে গিয়ে কাজি বলেন, “অরিজিৎ সিং আমার বন্ধু। ও আমার ভাই, আমার পরিবারের মতো। ওর মনের মধ্যে কোনও অসততা নেই, ও ভীষণ সৎ। দুনিয়ার সবচেয়ে বড় মানুষ কিংবা সবচেয়ে বড় চ্যানেলও যদি ওর পডকাস্ট করতে চায়, ও করবে না। ও এতটাই খাঁটি মানুষ, কিন্তু কোনও চা-ওয়ালা বা ধাবাওয়ালা এসে যদি ওকে ভালো কোনও প্রশ্ন করে, ও তার হাতেই মাইক তুলে দিয়ে বলবে, ‘তুমিই পডকাস্ট করে নাও’।”

বন্ধু সম্পর্কে বলতে গিয়ে কাজি আরও যোগ করেন, “গোটা দুনিয়ায় অরিজিৎ সিংয়ের মতো মানুষ আর নেই, কখনও আসবেও না। ও এমন মানুষ নয় যে বাইরে বেরোলে ভাব দেখাবে, ‘আমার দিকে তাকাও, আমি অরিজিৎ সিং’।” এমনকি গানের বাইরেও অরিজিতের অন্য গুণের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আর প্রতিভার কথা যদি বলেন, মানুষ শুধু ওর গানই শুনেছে। ওর ভেতরে আরও অনেক গুণ আছে। ও প্রতিভার আস্ত একটা খনি।”

সম্প্রতি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গিয়ে অরিজিতের সঙ্গে দেখা করে এসেছিলেন কাজি। রাস্তায় একসঙ্গে স্কুটি চালানো থেকে শুরু করে ক্রিকেট খেলার মুহূর্ত ভাগ করে নেন তিনি। খেলতে গিয়ে অরিজিৎ চোট পেয়েছিলেন। আশেপাশের মানুষ যখন উদ্বিগ্ন হয়ে জানতে চান, “দাদা, আপনি ঠিক আছেন তো?” তখনও কিন্তু দমে যাননি অরিজিৎ। তিনি শুধু বলেন, “ঠিক আছে।” কাজি জানান, আঘাত পেয়েও মুখ বুজে আরও তিন-চার ওভার বল করে গিয়েছেন তিনি। এরপর রাত সাড়ে আটটা থেকে রাত একটা অবধি একনাগড়ে গানের কাজ আর এডিটিংয়ে মেতে ছিলেন। কাজির স্পষ্ট কথা, এই নিখাদ মাটির টান আর সুরের প্রতি ভালোবাসাই অরিজিৎ সিংকে একজন আসল ‘চ্যাম্পিয়ন’ বানিয়ে রেখেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us