
বলিউডের সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে তিনি। চারদিকে সবসময় বডিগার্ডের ঘেরাটোপ। তাঁর একটা ঝলক পাওয়ার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। সাধারণত ক্যামেরার সামনে তাঁকে খুব একটা বিচলিত হতে দেখা যায় না। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে আরিয়ান খানকে দেখে চেনার উপায় নেই! একদল মানুষের হাত থেকে নিজের কবজায় থাকা এক জোড়া ‘জুতো’ বাঁচাতে কার্যত জীবনপণ লড়াই চালালেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে, ধস্তাধস্তির চোটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় মাটিতেই পড়ে যাচ্ছিলেন আরিয়ান!
আসল ঘটনাটি হল আরিয়ানের প্রিয় বন্ধু মাহির মেহতার বিয়ের। আর বন্ধুর বিয়েতে ‘জুতো চুরি’র রীতি পালন হবে না, তা কি হয়? উত্তর ভারতীয় বিয়ের এই জনপ্রিয় প্রথা অনুযায়ী, এক পক্ষ জুতো লুকোনোর চেষ্টা করে আর অন্য পক্ষ তা হাতিয়ে নেওয়ার। ভিডিয়োতে দেখা গিয়েছে, আরিয়ান তখন পুরোদস্তুর ‘টিম মেম্বার’। জুতো হাতে নিয়ে তিনি সেটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। একদল অতিথি তাঁর চারপাশ থেকে জুতোটি কেড়ে নেওয়ার চেষ্টা করতেই শুরু হয় ধস্তাধস্তি।
জুতোটি বুকের কাছে জাপটে ধরে আরিয়ান যখন পেছনের দিকে সরছিলেন, ঠিক তখনই ঘটে বিপত্তি। টানাহেঁচড়ার চোটে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে হেলে যান। দেখে মনে হচ্ছিল, এই বুঝি মাটিতে আছাড় খেলেন কিং খান-পুত্র! কিন্তু না, পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে একরকম দৌড় দিয়েই আসর ছাড়েন তিনি। ভিডিয়োটি শেয়ার করে ওয়েডিং প্ল্যানার সংস্থা লিখেছে, “জুতো বাঁচাতে গিয়ে কার্যত এক ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল।”
Aryan Khan 🔥💥
What is really happening here man 😭😂 pic.twitter.com/jz1uaP55bX
— POSITIVE FAN (@POSITIVEFANN) April 22, 2026
বন্ধুর বিয়েতে এই হুল্লোড়ের পাশাপাশি আরিয়ান এখন নিজের কেরিয়ার নিয়েও ভীষণ সিরিয়াস। সম্প্রতি পরিচালক হিসেবে তাঁর প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ মুক্তি পেয়েছে। সেখানে শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান— একাধিক মহাতারকার উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছে। অন্যদিকে শাহরুখ ব্যস্ত তাঁর আগামী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে।
তবে কাজের চাপের মাঝেই আরিয়ানের এই ঘরোয়া মেজাজ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। নেটিজেনদের দাবি, জুতোর জন্য আরিয়ানের এই লড়াই আদতে তাঁর বন্ধুপ্রীতিরই প্রমাণ।