Badshah Isha Rikhi Divorce: বিয়ের ৫ মাসের মধ্যেই আলাদা হওয়ার ঘোষণা বাদশা-ইশার! কী ঘটেছে?

Badshah divorce: বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা করলেন র‍্যাপার বাদশা ও অভিনেত্রী ইশা রিখি। সোশাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে তাঁরা পথ আলাদা করার কথা জানালেন। কেন বিচ্ছেদের পথ বেছে নিলেন তারকা দম্পতি?

Badshah Isha Rikhi Divorce: বিয়ের ৫ মাসের মধ্যেই আলাদা হওয়ার ঘোষণা বাদশা-ইশার! কী ঘটেছে?
কী ঘটেছে?

Sep 01, 2026 | 9:32 AM

র‍্যাপার বাদশা (Badshah) ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি (Isha Rikhi)-র রূপকথার মতো শুরু হওয়া গল্পটা যে এত দ্রুত শেষ হয়ে যাবে, তা হয়তো তাঁদের ভক্তরাও ভাবতে পারেননি। বিয়ের পর কাটল মাত্র পাঁচটি মাস। আর তার মধ্যেই প্রকাশ্যে এল এক মন খারাপ করা খবর। দীর্ঘদিনের জল্পনায় সিলমোহর দিয়ে নিজেদের ডিভোর্সের ঘোষণা করলেন এই তারকা দম্পতি।

কী বলেছেন তাঁরা?

সোমবার রাতে সোশাল মিডিয়ায় দু’জনেই একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। সেখানে বাদশা স্পষ্ট জানান, তাঁরা পারস্পরিক সম্মতির ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাদশা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “আমি এবং ইশা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই নেওয়া হয়েছে। এই কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর অনুরোধ করছি।” সেই সঙ্গে তিনি আরও পরিষ্কার করে দেন যে, এই বিষয়ে এটাই তাঁদের শেষ কথা এবং এই নিয়ে যেন বাইরে কোনও বাড়তি জল্পনা বা গুজব না ছড়ানো হয়।

 

 

আসলে গত জুলাই মাস থেকেই তাঁদের দাম্পত্যে টানাপোড়েনের খবর ভাসছিল সমাজমাধ্যমে। ইশা সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে লিখেছিলেন, “প্রতিটি ঝড় একটা শিক্ষা দিয়ে যায়। প্রতিটি প্রার্থনাই আসলে আশা।” পোস্টের সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন একটি ভাঙা হৃদয়ের ছবি। তখন থেকেই নেটিজেনদের মনে হয়েছিল, হয়তো সম্পর্কের তাল কেটেছে। এরপর ইশার মা পুনম রিখিও সোশাল মিডিয়ায় ‘কর্মফল’ নিয়ে কিছু পোস্ট করলে সন্দেহ আরও বাড়ে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল।

চলতি বছরের মার্চ মাসেই এক ঘরোয়া অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছিলেন বাদশা ও ইশা। পরে জুন মাসে ইনস্টাগ্রামের একটি প্রশ্নোত্তর পর্বে ইশা নিজেও তাঁদের বিয়ের কথা মেনে নিয়েছিলেন। কিন্তু সেই সুখের দিন বেশিদিন স্থায়ী হল না।

এর আগে জেসমিন মাসিহের সঙ্গে বাদশার বিয়ে হয়েছিল। ২০২০ সালে তাঁদের আইনত বিচ্ছেদ ঘটে। সেই সংসারে তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে, যার নাম জেসেমি গ্রেস মাসিহ সিং। দ্বিতীয় বিয়েটাও মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবেই অনুরাগীদের মন বেশ ভারাক্রান্ত।

Loading...
Unable to load recommendations.
Follow Us