
পপ তারকা বাদশা (Badshah) ও পঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির (Isha Rikhi) দাম্পত্য জীবন কি তবে সত্যিই ভাঙনের মুখে? মাত্র কয়েক মাস আগের কথা! খুব গোপনভাবে, কাছের মানুষদের সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সেই রঙিন সম্পর্কে বড়সর চিড় ধরার খবর ছড়িয়ে পড়েছে। সম্প্রতি নেটমাধ্যমে ইশার একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট সেই জল্পনার আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে।
সবকিছুর শুরু হয়েছিল কিছুদিন আগে। ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের কিছু মিষ্টি মুহূর্ত আর ব্যক্তিগত ভিডিয়ো কোলাজ করে পোস্ট করেন ইশা। কিন্তু নজর কাড়ে তাঁর লেখা ক্যাপশনটি। তিনি লিখেছিলেন, “প্রতিটি ঝড়ই আসলে একটা বড় শিক্ষা, আর প্রতিটি প্রার্থনাই এক নতুন আশা।” সঙ্গে জুড়ে দিয়েছিলেন একটি ভাঙা হৃদয়ের চিহ্ন। তখনই গায়কের অনুরাগী ও নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, তবে কি সব ঠিক নেই?
সেই জল্পনা আরও তীব্র করে সোমবার সন্ধ্যায় সোশাল মিডিয়ায় ফের মুখ খোলেন এই পঞ্জাবি অভিনেত্রী। নিজের মনের সমস্ত জমে থাকা আবেগ উগড়ে দিয়ে তিনি লেখেন, “এমন কিছু লড়াই থাকে, যা বাইরে থেকে দেখা যায় না। যার কোনও দৃশ্যমান ক্ষত বা দাগ থাকে না। সত্যি বলতে, এতদিন আমি মারাত্মক ভয় পেয়ে চুপ করে ছিলাম।”
কিন্তু কেন এত ভয় পাচ্ছিলেন তিনি? সেই কারণও পরিষ্কার করে দিয়েছেন ইশা। তাঁর দাবি, স্বামী বাদশার বিশাল ক্ষমতা, সমাজের ওপর প্রভাব আর প্রচুর সহায়-সম্পদের সামনে তিনি নিজেকে বড়ই অসহায় মনে করতেন। তিনি লিখেছেন, “স্বামীর এত প্রভাব আর ক্ষমতার কথা ভেবে নিজেকে বুঝিয়েছিলাম, মুখ বুজে থাকাটাই বোধহয় আমার জন্য সবচেয়ে নিরাপদ। তবে একটা কথা স্পষ্ট বলা দরকার, আমার এই নীরবতা মানে কিন্তু সব মেনে নেওয়া ছিল না। সেটা ছিল শুধুমাত্র বেঁচে থাকার একটা চেষ্টা।”
ইশা আরও জানিয়েছেন, ভেতর থেকে ভালো না থাকলেও বাইরে থেকে ‘সব ঠিক আছে’— এমন মিথ্যে মুখোশ পরতে তিনি আর রাজি নন। সম্পূর্ণ ঘটনা এখনই প্রকাশ্যে না আনলেও, তিনি এখন ভয়ের বদলে সাহসকে বেছে নিতে চান।
উল্লেখ্য, এটি বাদশার দ্বিতীয় বিয়ে। ২০২০ সালে গায়কের প্রথম স্ত্রী জেসমিনের সঙ্গে আইনি বিচ্ছেদ ঘটে। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। তার বেশ কিছু সময় পর ইশার সঙ্গে সম্পর্ক এবং চলতি বছরেই সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই স্ত্রীর এই বিস্ফোরক বার্তার পর বাদশা নিজে থেকে এখনও কোনও মন্তব্য করেননি। তবে ভক্তদের চোখ এখন দুই তারকার পরবর্তী পদক্ষেপের দিকেই।