
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর অনবদ্য রসবোধের জন্য চিরকালই চর্চায় থাকেন। মওকা পেলেই বন্ধুদের আড্ডায় মজা করতে তিনি যে বেশ ভালোবাসেন, তা আরও একবার প্রমাণিত হল। এবার নিজের অর্ধাঙ্গিনী গৌরী খানকে নিয়েই গায়ক মিকা সিংকে এক চরম মজাদার সাবধানবাণী শুনিয়েছিলেন কিং খান। মিকার ৫০ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাটের অন্দরসজ্জার দায়িত্ব গৌরী নেওয়ার আগে শাহরুখ সটান বলেছিলেন, “প্রচণ্ড লুটবে তোমায়! সব কিছু বেশি দামের জিনিস দেবে।” সম্প্রতি এক সাক্ষাৎকারে এক দশক পুরনো সেই মজার স্মৃতি হাতড়ালেন গায়ক।
আজকের দিনে দাঁড়িয়ে মিকা সিং ভারতের অন্যতম ধনী গায়ক হলেও, একটা সময় মাত্র ১৩ বছর বয়সে বিভিন্ন ধর্মীয় জলসায় গান গেয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। প্রথম পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ৭৫ টাকা! তবে সেই সামান্য উপার্জন নিয়েও মনে কোনও আক্ষেপ ছিল না মিকার। দাদা দালের মেহেন্দির হাত ধরে সঙ্গীত জগতে নিজের মাটি শক্ত করা এই গায়কের দেশজুড়ে এখন প্রায় ৯৯টি সম্পত্তি রয়েছে। যার মধ্যে অন্যতম মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টের ওশিয়ারা এলাকার এই রাজকীয় ফ্ল্যাটটি। ২০১২ সালে ওই বহুতলে একসঙ্গে ৬টি ফ্ল্যাট কিনেছিলেন তিনি, যা দীর্ঘ ছয় বছর পর ২০১৮ সালে তাঁর হাতে আসে। আটটি বেডরুমের সেই বিশাল জায়গাকে ভেঙে মিকা শেষমেশ ৫টি বেডরুমের এক আলিশান বাসভবন বানানোর সিদ্ধান্ত নেন, যেখানে অনায়াসে ৪০ জন অতিথি একসঙ্গে পার্টি করতে পারেন।
আর এই স্বপ্নের বাড়ি সাজানোর জন্যই মিকার প্রথম পছন্দ ছিলেন নামী ডিজাইনার গৌরী খান। কিন্তু সরাসরি গৌরীর সঙ্গে যোগাযোগ না করে মিকা প্রথমে তাঁর ঘনিষ্ঠ বন্ধু শাহরুখের দ্বারস্থ হন। বন্ধুর মুখে এই অনুরোধ শুনেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতা করে ওঠেন কিং খান। মিকাকে সোজা বলেন, “ওরে বাবা, ও তো তোমাকে লুটেপুটে খাবে! মারাত্মক খরচ করিয়ে ছাড়বে।” তবে মিকাও নাছোড়বান্দা হওয়ায় শেষমেশ শাহরুখই তাঁকে গৌরীর সঙ্গে সরাসরি কথা বলার পরামর্শ দেন।
ঘর সাজানোর দায়িত্ব নেওয়ার আগে অবশ্য মিকার সামনে একটি কড়া শর্ত রেখেছিলেন গৌরী খান। শর্তটি হল, তাঁর কাজের মাঝে কোনও প্রশ্ন তোলা যাবে না এবং ডিজাইনের বিষয়ে কোনও নাক গলানো চলবে না। মিকাও চোখ বন্ধ করে সেই শর্তে রাজি হয়ে যান। প্রায় দুই বছর ধরে চলেছিল এই বাড়ি সাজানোর কাজ। মজার বিষয় হল, এই পুরো সময়ে মিকা একবারের জন্যও নিজের ফ্ল্যাটে পা রাখেননি, কোনও তদারকিও করেননি।
গৌরীর কাজে চমকে গিয়েছিলেন মিকা। মিকা সাধারণত বেইজ এবং বাদামি রঙের ব্যবহার পছন্দ করেন, সবুজ রঙ তিনি একদমই পছন্দ করেন না। কিন্তু গৌরী মিকার বারণ থাকা সত্ত্বেও বসার ঘরের ঠিক মাঝখানে একটি জমকালো সবুজ রঙের সোফা বসিয়ে দেন। তবে কাজ শেষ হওয়ার পর ঘরের সেই নতুন রূপ দেখে মুগ্ধ হয়ে যান গায়ক। গৌরীর এই কাজের প্রশংসা আজও মিকার মুখে মুখে ঘোরে। আপাতত নিজের এই বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি কেরিয়ারেও বেশ ব্যস্ত মিকা।