
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (Pori Moni) ফের খবরের শিরোনামে। তবে কোনও ছবির জন্য নয়, জীবনের এক নতুন অধ্যায়ের জন্য। মা হওয়ার আনন্দ যে কতটা সুন্দর, তা তিনি আবারও বুঝিয়ে দিলেন। এবার তাঁর পরিবারে এল এক ছোট্ট ফুটফুটে পুত্রসন্তান। এই নিয়ে তিন সন্তানের মা হলেন তিনি। সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন সেই বিশেষ মুহূর্তের খবর।
কী বলেছেন তিনি?
অভিনেত্রীর পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির ভেতর বসে আছেন তিনি। তাঁর কোলে রয়েছে কাপড়ে জড়ানো একরত্তি এক শিশু। মুখের চওড়া হাসিই বলে দিচ্ছিল মনের ভেতরের উপচে পড়া আনন্দ। ক্যাপশনে তিনি লেখেন, ‘তিন নম্বর সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ্।’ এই ছোট্ট কথাটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে আলোড়ন পড়ে যায়। ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দেন নায়িকাকে। কমেন্ট বক্সে পরীমণি নিজেই পরিষ্কার করে জানান, এই ছেলেটিকে তিনি দত্তক নিয়েছেন। তবে একরত্তির মুখ তিনি এখনও প্রকাশ্যে আনেননি। ছেলের নাম কী রাখা হল, সেই বিষয়েও তিনি জানিয়েছেন যে নাম এখনও ঠিক করা হয়নি।
পরীমণির জীবনের এই পথচলা কিন্তু বেশ অন্যরকম। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রথম ছেলেকে একাই আদর-ভালোবাসা দিয়ে বড় করছেন তিনি। এর পর আইনি সব নিয়ম মেনে সাফিরা সুলতানা প্রিয়ম নামের এক কন্যাসন্তানকে দত্তক নেন। আর এবার ঘরে এল দ্বিতীয় পুত্রসন্তান। সব মিলিয়ে তিন ছেলেমেয়েকে নিয়ে তাঁর সংসার এখন আরও বড় ও সুন্দর।
সন্তানের সংখ্যা নিয়ে একজন নেটিজেন কটাক্ষ করে জানতে চেয়েছিলেন, তাঁর আর ক’টি সন্তান চাই? অভিনেত্রীও চুপ থাকার পাত্রী নন। একদম সপাট জবাবে তিনি বলেন, ‘৯৭টি।’ অর্থাৎ ১০০ জন সন্তানের মা হওয়ার মজার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। নতুন সন্তানকে ঘরে এনেই কাজের সূত্রে তাঁকে যেতে হয়েছে বাইরে। তাই তিনি জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছেই সবার সঙ্গে কথা বলবেন।