
সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) সম্পর্কের কথা আজ কে না জানে! তবে করিনার প্রেমে পড়ার ঠিক আগেই ইটালিয়ান মডেল রোজা ক্যাটালানোর (Rosa Catalano) সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন ছোট পতৌদি। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের (Amrita Singh) সঙ্গে বিবাহবিচ্ছেদের পর রোজা ও সইফের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় হইচই কম হয়নি। কিন্তু হঠাৎ কী এমন ঘটেছিল যে ২ বছর একসঙ্গে থাকার পরও আলাদা হয়ে গেল তাঁদের পথ? এই ভাঙনের নেপথ্যে কি সত্যিই করিনা ছিলেন?
ঘটনার শুরুটা বেশ চমকপ্রদ। ইতালির বাসিন্দা রোজা একটি শ্যুটিংয়ের কাজে কেনিয়া গিয়েছিলেন। ঠিক সেখানেই প্রথম দেখা হয় সইফের সঙ্গে। তবে প্রেমের শুরুর দিনগুলোতে রোজাকে নিজের জীবনের অনেক বড় সত্যি কথা বলেননি বলিউড অভিনেতা। ভারতে আসার পর রোজা জানতে পারেন, সইফ আসলে বিবাহিত এবং তাঁর দুটি সন্তানও রয়েছে! তৎকালীন সময়ে অমৃতা সিংয়ের থেকে আলাদা হয়ে অন্য জায়গায় থাকছিলেন সইফ। একটি সাক্ষাৎকারে রোজা জানিয়েছিলেন, সব জেনে তিনি বেশ অবাকই হয়েছিলেন। তবে সইফের সন্তানদের তিনি বেশ পছন্দ করতেন।
সম্পর্ক চলাকালীন বলিউডের খ্যাতনামা ফটোগ্রাফার ডাব্বু রতনানির এক ফটোশুট বদলে দেয় অনেক কিছু। সইফ ও করিনা কাপুরের একটি ফটোশুট দেখতে সেটে হাজির ছিলেন রোজা। দু’জনের রসায়ন বা কেমিস্ট্রি এতটাই জমাটি ছিল যে সেটে দাঁড়িয়েই চরম অসন্তুষ্ট হন রোজা। ঘটনাটি দেখে স্পষ্ট বোঝা গিয়েছিল, তাঁদের এই ঘনিষ্ঠতা রোজা একেবারেই মেনে নিতে পারেননি। এর পর থেকেই বলিপাড়ায় গুঞ্জন ছড়ায়, করিনার কারণেই নাকি ভাঙন ধরেছিল এই সম্পর্কে।
তবে পরবর্তীতে একটি সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন রোজা। তিনি জানান, যেকোনও সম্পর্ক টিকিয়ে রাখতে দু’জনেরই সমান চেষ্টার প্রয়োজন হয়। যখন একজন একদিকে আর অন্যজন অন্যদিকে যেতে চায়, তখন সেই নৌকা আর এগোয় না। অন্যদিকে সইফও সব জল্পনা উড়িয়ে স্পষ্ট জানিয়েছিলেন, তাঁদের বিচ্ছেদের পেছনে করিনার কোনও হাত ছিল না। রোজার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ‘টশান’ সিনেমার সেটে করিনার প্রেমে পড়েন সইফ। টানা ৫ বছর প্রেমের পর ২০১২ সালে তাঁদের বিয়ে হয়।