Bhumi Pednekar love: কোন তারকার প্রেমে হাবুডুবু খান ভূমি? ফাঁস সত্য

Bhumi Pednekar crush: ছোটবেলা থেকেই ইমরান খানের প্রেমে হাবুডুবু খেতেন ভূমি পেডনেকর! নেটফ্লিক্সের আগামী ছবি 'আধুরে হাম আধুরে তুম'-এ একসঙ্গে পর্দায় আসছেন তাঁরা। তার আগেই মনের কথা ফাঁস করলেন নায়িকা।

Bhumi Pednekar love: কোন তারকার প্রেমে হাবুডুবু খান ভূমি? ফাঁস সত্য
কী বলেছেন অভিনেত্রী?

May 31, 2026 | 6:21 PM

ভূমি পেডনেকর (Bhumi Pednekar), বলিউডের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী। আর তাঁর বিপরীতে যদি থাকেন সেই পুরনো দিনের ‘চকলেট বয়’, তবে তো উত্তেজনার পারদ চড়বেই! দীর্ঘ এক দশকের বিরতি কাটিয়ে অবশেষে অভিনয়ের দুনিয়ায় ফিরছেন ইমরান খান। আর তাঁর এই মেগা কামব্যাকের সঙ্গী হচ্ছেন ভূমি। নেটফ্লিক্সের আসন্ন রোমান্টিক ড্রামা ‘আধুরে হাম আধুরে তুম’-এ একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁরা। কিন্তু চমকপ্রদ তথ্য হল, এই ছবির শুটিং ফ্লোরে পা রাখার অনেক আগে থেকেই ইমরানের প্রতি এক অদ্ভুত দুর্বলতা ছিল নায়িকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ছোটবেলার গোপন ক্রাশের কথাই ফাঁস করেছেন তিনি।

 

​বলিউডে রোমান্টিক হিরোদের নিয়ে উন্মাদনা কখনও কমেনি। কিন্তু ভূমির কাছে ইমরান ছিলেন একেবারে অন্যরকম। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা অকপটে স্বীকার করেছেন, স্কুল-কলেজ জীবনে ইমরান খানকে দেখলেই তাঁর বুকে ঝড় উঠত। ভূমির কথায়, “ছোটবেলায় ওর উপর আমার সাংঘাতিক ক্রাশ ছিল। ওঁর সব রোমান্টিক-কমেডি ছবিতে ও ছিল আদ্যোপান্ত একটা ‘গ্রিন ফ্ল্যাগ’ (Green Flag)। আজকাল আর কেউ ওরকম সুন্দর রোম-কম বানায় না।” অর্থাৎ, পর্দায় ইমরানের সেই মিষ্টি হাসি আর লাজুক চাহনিতেই পুরোপুরি কুপোকাত ছিলেন অভিনেত্রী।

 

​মজার ব্যাপার হল, এই মুগ্ধতা কিন্তু একেবারেই একতরফা নয়। ইমরান নিজেও ভূমির সঙ্গে কাজ করার জন্য রীতিমতো মুখিয়ে ছিলেন। এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন, তিনি এবং পরিচালক দানিশ আসলাম দুজনেই এই চরিত্রে ভূমির জন্য মরিয়া ছিলেন। এতটাই মরিয়া যে, পুরোপুরি তৈরি চিত্রনাট্য ছাড়াই নায়িকার কাছে পৌঁছে গিয়েছিলেন তাঁরা! ইমরান সেই দিনগুলোর কথা মনে করে বলেন, “আমরা রীতিমতো ভূমির পিছনে পড়েছিলাম। তখন আমাদের হাতে পুরো স্ক্রিপ্টও তৈরি ছিল না, শুধু কয়েক টুকরো কাগজ নিয়ে আমরা ওর কাছে গিয়ে হাজির হতাম। ব্যাপারটা খুব একটা পেশাদার না দেখালেও, আমরা নাছোড়বান্দা ছিলাম।”

 

​এই পাগলামি দেখে ভূমি নিজেও একটু অবাক হয়েছিলেন। ইমরান রসিকতা করে বলেন, “দানিশ আর আমার এই উৎসাহ দেখে ও হয়তো একটু ঘাবড়েই গিয়েছিল। শেষে বোধহয় আমাদের উপর করুণা করেই রাজি হয়ে যায়!” আর এভাবেই নিশ্চিত হয় তাঁদের বহু প্রতীক্ষিত এই জুটি।

​উল্লেখ্য, এই ছবিটির পরিচালনা করছেন দানিশ আসলাম। এর আগে ২০১০ সালে ইমরান এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে সুপারহিট ‘ব্রেক কে বাদ’ ছবিটি তৈরি করেছিলেন তিনি। শোনা যাচ্ছে, সেই ছবিরই একটি জনপ্রিয় গানের নাম থেকে ‘আধুরে হাম আধুরে তুম’ নামটির অনুপ্রেরণা নেওয়া হয়েছে। দীর্ঘ দশ বছর পর ইমরানের ফেরা, তাও আবার নিজের চেনা রোমান্টিক অবতারে, ভক্তদের উত্তেজনা ইতিমধ্যেই চরমে। তার উপর ছোটবেলার ক্রাশের সঙ্গে পর্দায় রোমান্স করার সুযোগ পেয়ে ভূমি যে কতটা উচ্ছ্বসিত, তা তাঁর কথাতেই স্পষ্ট।

Follow Us