
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর (Bhumi Pednekar) পুজো দিতে গিয়ে এমন এক কাণ্ড করে বসলেন, যা নিয়ে এখন নেটপাড়ায় রীতিমতো তোলপাড় চলছে! শ্রাবণ মাস শুরু হতেই ভক্তদের মতো তিনিও পৌঁছে গিয়েছিলেন মন্দিরে। ভক্তিভরে শিবলিঙ্গে জল ঢাললেন, প্রার্থনাও করলেন। পুজো দেওয়ার সময় তাঁর চোখে ছিল কালো সানগ্লাস! আর তাতেই চটে লাল নেটিজেনদের একাংশ।
বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মন্দির দর্শনের বেশ কয়েকটি ছবি আর একটি সুন্দর ভিডিয়ো পোস্ট করেন ভূমি। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে সাধারণ নীল জিন্স আর কালো রঙের টপ, আর চোখে রোদচশমা। ভিডিয়োতে খুব মনোযোগ দিয়ে শিবলিঙ্গে জল ঢালতে দেখা গিয়েছে তাঁকে। ক্যাপশনে তিনি লেখেন, “শ্রাবণ শুরু হতেই আমার একটাই প্রার্থনা, সহজ জীবন নয়, বরং শক্ত কঠিন পথেও যেন হাসিমুখে চলতে পারি। হর হর মহাদেব।”
অভিনেত্রীর ভক্তরা এই পুজো দেওয়ার রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিলেও, অনেকেরই চোখ আটকে গিয়েছে ওই চশমাতেই। পূজো-অর্চনার মতো পবিত্র কাজে কীভাবে কেউ রোদচশমা পরে থাকতে পারেন, তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, “অন্তত পুজো করার সময়টুকু চশমাটা খুলে রাখা যেত না?” আবার অন্য এক ব্যক্তি খোঁচা দিয়ে বলেছেন, “ভগবানের সামনে অন্তত রোদচশমাটা খুলে একটু ভক্তি দেখালেই পারতেন!” কেউ বা মন্তব্য করেছেন, “কাউকে রোদচশমা পরে পুজো করতে কখনও দেখিনি।” অনেকেই বলছেন, পোশাক যা-ই হোক না কেন, পুজোর সাধারণ নিয়ম বা ভক্তিটুকু বজায় রাখা উচিত ছিল।
তবে এই সব কটাক্ষ আর বিতর্ককে একপাশে সরিয়ে রাখলে, কাজ নিয়ে কিন্তু বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা। খুব তাড়াতাড়িই তাঁকে দেখা যাবে’দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ’-এ। এই ছবিতে তিনি বেলাওয়াদি মল্লম্মা নামের এক বীর রানির ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ঋষভ শেট্টি, অর্জুন রামপাল এবং বিবেক ওবেরয়ের মতো নামী তারকাদের।