
ভূমি পেডনেকর (Bhumi Pednekar)-কে ঘিরে সোশাল মিডিয়ায় বিতর্ক যেন থামতেই চাইছে না। কয়েক দিন আগেই শিব মন্দিরে পুজো দেওয়ার একটি ছবিকে কেন্দ্র করে নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন তিনি। সেই চর্চা থিতিয়ে যাওয়ার আগেই নিট-ইউজি (NEET-UG) ২০২৬ পরীক্ষার আন্দোলন নিয়ে মন্তব্য করে আবারও সংবাদের শিরোনামে উঠে এলেন এই বলিউড অভিনেত্রী। তবে এবার আর শুধু সাধারণ নেটিজেনরা নন, সোজাসুজি তাঁকে নিশানা করলেন তাঁরই এককালের অভিনয় শিক্ষক!
পুরো ঘটনার সূত্রপাত একটি সোশাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। নিট পরীক্ষা সংক্রান্ত প্রতিবাদের সময় দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু কড়া ও কটূ কথা বলা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে ভূমি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি মতপ্রকাশের শালীনতার ওপর জোর দিয়ে বলেন, নিজের দাবি জানানোর অধিকার সবার আছে। তবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করা উচিত নয়। যেকোনও বিষয়েই সংযত ও দায়িত্বশীল ভাষার মাধ্যমে কথা বলা প্রয়োজন।
ভূমির এই বক্তব্য সামনে আসতেই প্রতিক্রিয়া শুরু হয় নেটপাড়ায়। নেটিজেনদের একটি বড় অংশ অভিনেত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের বক্তব্য, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ কিংবা কাঁদানে গ্যাস ছোঁড়ার অভিযোগ উঠলেও সেই বিষয়ে কিন্তু মুখ খোলেননি ভূমি। অনেকেই অভিনেত্রীর সমালোচনা করতে থাকেন।
এই বিতর্কের মাঝেই নতুন মাত্রা যোগ করেন মুম্বইয়ের এক ফিল্ম স্কুলের প্রাক্তন শিক্ষিকা শ্রুতি দেসাই, যিনি বর্তমানে একজন স্পিরিচুয়াল সাইকোথেরাপিস্ট। ইনস্টাগ্রামে সরাসরি ভূমিকে ট্যাগ করে তিনি লেখেন, “মুম্বইয়ের একটি ফিল্ম স্কুলে আমি অল্প সময়ের জন্য তোমার শিক্ষিকা ছিলাম। দুর্ভাগ্যবশত আমার আজও মনে আছে, শিক্ষকদের প্রতি তোমার আচরণ কতটা অসম্মানজনক ছিল। আজ সোশাল মিডিয়ায় সম্মান আর দায়িত্ববোধ নিয়ে তোমার এই নীতিবাক্য দেখে অবাক হচ্ছি। মাঝের এই সময়টাতে কীভাবে তোমার চিন্তাভাবনা এত বদলে গেল, একটু বুঝিয়ে বলবে?”
প্রাক্তন শিক্ষিকার এই ক্ষোভপ্রকাশের পর ইন্টারনেট এখন দু’ভাগে বিভক্ত। একদলের মতে, শিক্ষিকা হিসেবে শ্রুতি উপযুক্ত জবাব দিয়েছেন। অন্যদিকে আর একদলের যুক্তি, কিশোরী বয়সের কোনও আচরণকে টেনে এনে এত বছর পর সোশাল মিডিয়ায় কাউকে খাটো করা উচিত নয়। তবে এই পুরো বিতর্ক নিয়ে ভূমি পেডনেকর নিজে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।