
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বড়সড় আইনি সুরক্ষা পেল রণবীর কাপুরের বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। মুক্তি পাওয়ার পরপরই ছবিটির পাইরেসি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বম্বে হাইকোর্ট। অন্তর্বর্তীকালীন এক নির্দেশিকায় আদালত জানিয়েছে, কোনও অসাধু ব্যক্তি বা ডিজিটাল প্ল্যাটফর্ম অনুমতি ছাড়া ছবিটির কোনও দৃশ্য বা অংশ রেকর্ডিং, আপলোড কিংবা স্ট্রিম করতে পারবে না।
প্রযোজনা সংস্থার তরফে কোনও অভিযোগ পাওয়া মাত্রই সমস্ত পাইরেটেড কনটেন্ট দ্রুত ব্লক কিংবা সরিয়ে ফেলার জন্য দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
‘বার অ্যান্ড বেঞ্চ’-এর খবর অনুযায়ী, ‘গডপাওয়ার মিডিয়া প্রাইভেট লিমিটেড’-এর দায়ের করা একটি গ্রন্থস্বত্ব বা কপিরাইট লঙ্ঘন সংক্রান্ত আবেদনের ভিত্তিতে বিচারপতি মাধব জামদার সোমবার এই নির্দেশ জারি করেন। উল্লেখ্য, এই সংস্থাটির কাছেই ভারতে এবং আন্তর্জাতিক বাজারে ছবিটির স্বত্ব ও প্রদর্শনের স্বত্ব সংরক্ষিত রয়েছে।
আদালতে আবেদনের শুনানিকালে প্রযোজক পক্ষ জানায়, ছবিটির প্রথম পর্ব তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা এবং দুটি পর্ব মিলিয়ে মোট বাজেট দাঁড়িয়েছে প্রায় ৪,০০০ কোটি টাকায়। এছাড়া আদালতকে আরও জানানো হয়, ছবিটির ট্রেলার মুক্তির আগে গোপনীয়তার চুক্তি থাকা সত্ত্বেও এক্সক্লুসিভ প্রিভিউ স্ক্রিনিং থেকে গোপনে ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। ফলে সিনেমা হলে ছবি মুক্তির পর একইভাবে পাইরেসির সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রযোজকেরা।
শুনানির সময়ে গুগল এলএলসি এবং অন্যান্য প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর আইনজীবীরাও আদালতের এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি। বরং সংস্থাগুলোর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, পাইরেসি সংক্রান্ত অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নিতেশ তিওয়ারি পরিচালিত এই বহুল চর্চিত ছবিতে শ্রীরামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে, সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী এবং মূল খলনায়ক রাবণের ভূমিকায় এই ছবির মাধ্যমেই হিন্দি ছবিতে আত্মপ্রকাশ করছেন কন্নড় সুপারস্টার যশ। পাশাপাশি হনুমানের চরিত্রে সানি দেওল, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাজা দশরথের ভূমিকায় অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা অরুণ গোভিল। প্রাইম ফোকাস স্টুডিওসের ব্যানারে নামিত মালহোত্রা এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের ব্যানারে যশ যৌথভাবে ছবিটির প্রযোজনা করেছেন।