Ameesha Patel relationships: কেমন পাত্র পেলে বিয়ে করবেন ৫১-র আমিশা?

Ameesha Patel marriage: ৫১ বছর বয়সেও কেন বিয়ের পিঁড়িতে বসতে নারাজ বলিউড ডিভা আমিশা প্যাটেল? কেন তিনি অজানা কোনও পুরুষের জন্য নিজের সাজানো জীবন বদলাতে চান না? তবে কি চিরকুমারী থাকার এই কঠোর সিদ্ধান্তের আড়ালে লুকিয়ে রয়েছে পুরনো কোনও প্রেমের গভীর ক্ষত? কেমন পাত্র পছন্দ অভিনেত্রীর? জানালেন নিজেই।

Ameesha Patel relationships: কেমন পাত্র পেলে বিয়ে করবেন ৫১-র আমিশা?
কী বলেছেন তিনি?

Aug 07, 2026 | 3:55 PM

বলিউডে সলমন খান, সুস্মিতা সেন কিংবা তাব্বু, এঁদের মতোই আরও এক তারকা বিয়ের চিরাচরিত ছক থেকে নিজেকে সচেতনভাবে দূরে রেখেছেন। তিনি আমিশা প্যাটেল। বয়স ৫১ পেরিয়েছে, কিন্তু আজও তাঁর রূপের জাদুতে ঘায়েল আসমুদ্রহিমাচল। তবে এত পুরুষহৃদয়ে ঝড় তুললেও, তিনি নিজে কিন্তু এখনও ‘সিঙ্গল’। নিজের শর্তে জীবন বাঁচতে ভালোবাসেন। ব্যক্তিগত জীবনকে সব সময়ই গ্ল্যামার জগতের লাইমলাইটের আড়ালে রেখেছেন ‘গদর’ নায়িকা। কিন্তু সম্প্রতি এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে নিজের বিয়ে এবং কেরিয়ার নিয়ে খোলামেলা আড্ডা দিলেন তিনি। তাঁর সেই বুদ্ধিদীপ্ত, মজার ও চাঁছাছোলা উত্তর ইতিমধ্যেই ডিজিটাল দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘#AskAmy’ সেশনে অনুরাগীদের নানা মজার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমিশা। সেখানেই এক অনুরাগী তাঁকে সোজাসুজি জিজ্ঞেস করে বসেন, “আপনি কবে বিয়ে করছেন?” এমন প্রশ্নের উত্তরে বিরক্ত না হয়ে বরং বেশ মজার ছলেই জবাব দিয়েছেন আমিশা। তিনি লেখেন, “কখনও না। সিঙ্গল থেকে আমি দারুণ খুশি। আমার পরিবার ও বন্ধু-বান্ধব মিলিয়ে প্রায় ১০০ জন কাছের মানুষ রয়েছেন। তাঁরা আমাকে খুব ভালোবাসেন। শুধুমাত্র একজন পুরুষের জন্য এই সব কিছু আমি বদলাতে পারব না। এতটুকুও ঝুঁকি নেওয়ার আমার সামর্থ্য নেই।” অর্থাৎ, জীবনে নতুন করে কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে নিজের চেনা গণ্ডিটা তিনি আর ভাঙতে চাইছেন না।

তবে আমিশার জীবনে কি কখনও প্রেম আসেনি? অবশ্যই এসেছে। কিন্তু কেরিয়ার আর প্রেমের মধ্যে তাঁকে কঠিন পথ বেছে নিতে হয়েছিল। জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে এসে সেই পুরনো কথা শেয়ার করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, বলিউডে পা রাখার আগে এক ধনী শিল্পপতির সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল। সাউথ বম্বের সেই পরিবারের সঙ্গে আমিশার পরিবারের শিক্ষাদীক্ষা ও ব্যাকগ্রাউন্ডের অনেক মিল ছিল। সব দিক থেকেই সম্পর্কটা পারফেক্ট ছিল। কিন্তু অভিনয়ে আসার সিদ্ধান্ত নেওয়ায় বেঁকে বসেন তাঁর প্রেমিক। তিনি চাননি তাঁর পার্টনার গ্ল্যামার জগতের অংশ হন। এরপরই প্রেমের বদলে নিজের কেরিয়ার বেছে নেন আমিশা।

তবে এত কিছুর পরও, বিয়ের দরজা কি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন আমিশা? মজার বিষয় হল, অভিনেত্রী নিজেই জানিয়েছেন, উপযুক্ত কাউকে পেলে তিনি বিয়ের কথা ভাবতেও পারেন। তাঁর কথায়, “ইচ্ছা থাকলে উপায় হয়। যে মানুষটি সব বাধা পেরিয়ে ‘মৌকে পে চৌকা’ মারতে পারবে, সে-ই আমার মনের মানুষ হবে।” আমিশা হাসতে হাসতে এও জানান, তাঁর অর্ধেকের বয়সি ছেলেরাও তাঁকে ডেটে নিয়ে যেতে চায়। আর তাতে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর মতে, পুরুষকে মানসিকভাবে পরিণত হতে হবে। কারণ, তাঁর চেয়ে বয়সে বড় এমন অনেক মানুষের সঙ্গে তাঁর দেখা হয়েছে, যাদের বুদ্ধির জোর বা আইকিউ একেবারে মাছির মতো!

উল্লেখ্য, ২০০০ সালের শুরুর দিকে পরিচালক বিক্রম ভাটের সঙ্গে আমিশার প্রেমের গুঞ্জন বেশ চর্চায় ছিল। তবে সে সব এখন অতীত হয়ে গিয়েছে। আপাতত কারও জন্য নিজেকে না বদলে, নিজের শর্তেই বাঁচতে চান আমিশা।

Loading...
Unable to load recommendations.
Follow Us