
দিঘা: অভিনেতা রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) রহস্যমৃত্যুর তদন্ত করবে এবার সিআইডি (CID)। দিঘার (Digha) প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রায় আড়াই মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠছে, যার উত্তর মেলেনি। দিন কয়েক আগেই রাহুলের মৃত্যুর তদন্তে হস্তক্ষেপ করে প্রধানমন্ত্রীর দফতর (PMO)। দ্রুত এই বিষয়ে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারেরও। অভিনেতার মৃত্যুর তদন্তভার সিআইডির হাতেই তুলে দিলেন মুখ্য়মন্ত্রী।
গতকাল দিঘায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানকার হাসপাতালগুলিতে অব্যবস্থার অভিযোগ তোলেন। তিনি বলেন, “বিগত সরকার বিশেষ করে গত দুই বছরে কোনও কাজ করেনি। হাসপাতালে ন্যূনতম ব্যবস্থা নেই, একটাও আইসিইউ বেড নেই। এখানে না আছে ব্লাড ব্যাঙ্ক, না আছে পোস্টমর্টেমের জায়গা।” পর্যটকদের সুরক্ষায় পর্যাপ্ত নুলিয়াও নেই বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দুর কথায়, “এই বিরাট সমুদ্রতটে মাত্র ৬৩ জন নুলিয়া রয়েছে।” এরপরই তাঁর বক্তব্যে উঠে আসে রাহুলের মৃত্যুর প্রসঙ্গ।
শুভেন্দু বলেন, “কিছুদিন আগেই একজন অভিনেতার মৃত্যুর ঘটনা ঘটছে উদয়পুরে। ওড়িশা সরকার সিট গঠন করেছে। আমি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছি অবিলম্বে ডিজিপির মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠাতে যাতে এই মামলাটি সিআইডি নিয়ে নেয়। অভিনেতার পরিবারের তরফ থেকে এখানে মামলা করে গিয়েছেন। যেটা আনন্যাচারাল ডেথ হিসাবে ইউডি মামলা হয়েছে।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নুলিয়াদের সংখ্যাও বাড়ানো হচ্ছে। তাদের পারিশ্রমিকও বাড়ানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ওড়িশার বালেশ্বরে ‘ভোলে বাবা পার করেগা’ নামক একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। অভিনেতার এমন মর্মান্তিক পরিণতি কি কেবলই এক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে শুটিং সেটের চূড়ান্ত অব্যবস্থা? বারবার সেই প্রশ্নই উঠে আসছে। রাহুলের মৃত্যুর ঘটনায় কলাকুশলীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ক্ষোভ উগড়ে দিয়েছে টলিউডের একাংশ। অভিনেতার মৃত্যুর তদন্তের দাবিতে পথে নেমেছে টলিপাড়া। তবে, সেই বিক্ষোভের তেজ কিছুটা হলেও থিতিয়ে পড়েছে। তবে, সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতরের হস্তক্ষেপে আবার নতুন করে রাহুলের মৃত্যু নিয়ে চর্চা শুরু হয়েছে।