
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিল্যাক (Rubina Dilaik) এবার এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন, যা দেখে নেটপাড়ার নাগরিকদের বুক দুরুদুরু করতে বাধ্য। এমনিতেই টিভির পর্দায় সবচেয়ে রোমাঞ্চকর এবং হাড়হিম করা রিয়্যালিটি শো হিসেবে ‘খতরোঁ কে খিলাড়ি’র নাম সবার ওপরে। আর এবার সেই উন্মাদনার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিতে চলে এল ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-র প্রথম ঝলক। প্রোমোটি সামনে আসতেই সমাজমাধ্যমে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ভয় আর আতঙ্কে চোখ কপালে ওঠার জোগাড় ভক্তদের।
এবারের সিজনের মূল মন্ত্রই হল ‘ডর কা নয়া দৌর’। আর নতুন এই প্রোমো স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে, প্রতিযোগীদের সাহসের শেষ সীমা পর্যন্ত পরীক্ষা নিতে তৈরি টিম। ঝলকের শুরুতেই দেখা গিয়েছে রুবিনাকে। তবে চেনা গ্ল্যামারাস লুকে নয়, তিনি শুয়ে আছেন আর তাঁর মাথা, মুখ থেকে শুরু করে পুরো গলা পেঁচিয়ে ধরেছে অসংখ্য জ্যান্ত সাপ! সাপের সেই কিলবিলে শরীর দেখে সাধারণ মানুষেরই হাত-পা ঠাণ্ডা হওয়ার জোগাড়। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যখন বাকি প্রতিযোগীরা ভয়ে চিৎকার করছেন, ঠিক তখনই খোদ সঞ্চালক রোহিত শেট্টিকে দেখা গেল চিরপরিচিত অট্টহাসিতে ফেটে পড়তে।
শুধু রুবিনাই নন, বাকিদের হালও বেশ শোচনীয়। অভিনেতা করণ ওয়াহিকে একটি প্লাস্টিক ক্যাপসুলের ভেতর প্রায় বাতাসহীন অবস্থায় আটকে রাখা হয়েছে, যেখানে দম আটকে লড়াই করছেন তিনি। অন্যদিকে জসমিন বসীনকে দেখা গেল মাঝ আকাশে উড়ন্ত বিমান থেকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট বা শকের টাস্কে ফরহানা ভট্ট, গৌরব খন্না এবং রুহানিকা ধবনের চিৎকারে কেঁপে উঠছে চারপাশ। ওরিকেও দেখা গিয়েছে আতঙ্কে সিঁটিয়ে থাকতে। এই দৃশ্যগুলো দেখে নেটপাড়ার একাংশ যেমন রোমাঞ্চের স্বাদ পাচ্ছেন, তেমনই অন্য অংশ প্রশ্ন তুলেছেন প্রতিযোগীদের নিরাপত্তা নিয়ে। যদিও শো-এর দীর্ঘদিনের ইতিহাস ও প্রমাণ বলে, সমস্ত স্টান্টেই সুরক্ষার সবরকম ব্যবস্থা থাকে।
টানা ৪০ দিনের শুটিংয়ের পর কেপটাউনের শিডিউল সদ্য শেষ হয়েছে। এবারের সিজনে অংশ নিয়েছেন অবীকা গোর, শগুন শর্মা, ওরি, হর্ষ গুজরাল, ঋত্বিক ধনজানি, বিশাল আদিত্য সিংহদের মতো ১৩ জন তারকা। গুঞ্জন রয়েছে, প্রথম সপ্তাহেই শো থেকে বাদ পড়েছেন ওরি এবং অবীকা। মারাত্মক চোট পেয়ে মাঝপথেই বিদায় নিতে হয়েছে বিশাল আদিত্য সিংহকে। এমনকি ফিনালে-র ঠিক আগে ছিটকে গিয়েছেন গৌরব খন্না। ট্রফির চূড়ান্ত লড়াইয়ে এবার নাকি মুখোমুখি হতে চলেছেন অবিনাশ মিশ্র, করণ ওয়াহি এবং ফরহানা ভট্ট। তবে শো-এর সম্প্রচারের তারিখ এখনও চ্য্যানেলের তরফে খোলসা করা হয়নি।