
বর্তমানে দেশজুড়ে নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্ক নিয়ে উত্তাল সমাজমাধ্যম। দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ব্যানারে চলা বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন বলিউড অভিনেতা সলমান খান। তিনি শিক্ষার্থীদের এই প্রতিবাদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রশ্ন ফাঁসকে অত্যন্ত গুরুতর বিষয় বলে তোপ দেগেছেন। কিন্তু সলমান এই আন্দোলনের পক্ষে মুখ খুলতেই নেটপাড়ায় আচমকা শুরু হয়েছে এক অন্য আলোচনা!
সোশাল মিডিয়ায় সলমানের সাম্প্রতিক বার্তার পাশাপাশি বিদ্যুতের গতিতে ভাইরাল হতে শুরু করেছে বছর কয়েক আগের একটি ভিডিয়ো ক্লিপ। প্রশ্ন উঠছে, তবে কি নিজে একসময় লিক হওয়া প্রশ্নপত্র পড়েই পরীক্ষা দিতেন বলিউড ভাইজান? নেট দুনিয়ায় এই প্রশ্নের আবহ তৈরি করেছেন খোদ সলমানের বাবা, প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান!
ঘটনাটি ২০২০ সালের ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি পর্বের। সলমান, সোহেল ও আরবাজকে সঙ্গে নিয়ে সেই শো-তে হাজির হয়েছিলেন সেলিম খান। সেখানেই আড্ডার ছলে একটি গল্প শোনান তিনি। সেলিম জানান, তাঁদের বাড়িতে একসময় ‘গণেশ’ নামে এক ব্যক্তি এলে তাকে খাতির করার ধুম পড়ে যেত। চা-নাস্তা থেকে আরামদায়ক চেয়ার, সব হাজির করা হত তার সামনে। সেলিম ভেবে পেতেন না, ঘরের কর্তার চেয়েও কেন এত সম্মান পাচ্ছে ওই গণেশ! পরবর্তীতে রহস্য ফাঁস হতেই জানা যায়, পরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র লিক হলেই নাকি সলমানদের হাতে তা এনে পৌঁছে দিত এই গণেশ! শো-তে সলমান নিজেও হেসে স্বীকার করেছিলেন যে গল্পটা আসলে তাঁরই ছিল।
বর্তমানে যখন সারা দেশে প্রশ্ন ফাঁস নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে এবং দিল্লির ১৬টি মেট্রো স্টেশন পর্যন্ত বন্ধ করতে হয়েছে নিরাপত্তার খাতিরে, ঠিক তখনই সেলিম খানের এই পুরনো বক্তব্য নতুন করে কৌতূহল বাড়িয়েছে নেটিজেনদের। একদিকে দিল্লির রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন এবং সলমানের সমর্থন, অন্যদিকে বাবার এই অকপট স্বীকারোক্তির পুরানো ক্লিপ, দুয়ে মিলে নেটপাড়ায় আলোচনা এখন তুঙ্গে!