
৩০টা বছর মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন শাহরুখ খান। কিন্তু কোনওদিনও তাঁকে কোনও নায়িকাকে পর্দায় চুমু খেতে দেখা যায়নি ঠোঁটে। এদিকে তাঁর সমসাময়িক প্রত্যেক অভিনেতাকে কোনও না কোনও ছবিতে কোনও না কোনও নায়িকাকে চুম্বন করতে দেখা গিয়েছে। কিন্তু শাহরুখ খান ব্যতিক্রম। রোম্যান্টিক সিনের বাদশাহ হয়েও কোনও নায়িকাকে লিপ লক করতে খুব বেশি দেখা যায়নি তাঁকে। এদিকে ভারতীয় ছবিতে রোম্যান্টিসিজ়মের পোস্টার বয় তিনি। চিরকালই নায়িকার গালে, গলায় কিংবা কাঁধে চুমু খেয়েছেন। কিন্তু ঠোঁটে চুমু খাওয়ার বিষয়ে শাহরুখের এই ছুতমার্গ কেন?
বিষয়টি তিনি খোলা মেলা কথা বলেছিলেন বিদেশের একটি টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জোনাথন রস’-এ। সঞ্চালক জোনাথনকে শাহরুখ জানিয়েছিলেন, তাঁর কন্ট্র্য়াক্ট পেপারে চুম্বনের দৃশ্যে অভিনয় না করার কথা বিশেষভাবে উল্লেখ করা থাকে। প্রথম থেকেই তিনি বলে দেন এই দৃশ্যে তিনি অভিনয় করতে পারবেন না। শাহরুখ হাসতে-হাসতে সেই টকশোতে বলেছিলেন, আমাদের দেশে সেটের মধ্যেই অনেক লোকের মাঝে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হয়। মানুষ খুব শব্দ করেন চারপাশে। আর সবচেয়ে বড় কথা, চুম্বন দৃশ্যে অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্য নই। ফলে প্রথম থেকে বলে দিই এমনটা করতে পারব না। এ ছাড়াও আমি ঘোড়ার পিঠে চড়তে পারি না। খুব ভয় পাই। যদিও বা ‘করণ-অর্জুন’ কিংবা ‘বাজ়িগার’-এর মতো ছবিতে ঘোড়ার পিঠে চড়তে হয়েছিল তাঁকে।
এই কথা শোনার পর অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, “তা হলে তো আপনি কোনওদিনও হলিউডে অভিনয় করতে পারবেন না”। তাতে শাহরুখ বলেছিলেন, “দরকারও নেই। আমি এখানেই ভাল আছি”। তবে এই মন্তব্যগুলো করার পর, পরবর্তীকালে ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মাকে ঠোঁটে চুমু খেয়েছিলেন শাহরুখ।