
রাজর্ষি দাশ ভৌমিকের লেখা চরিত্র নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবার তৈরি করছেন নতুন বাংলা ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। টিভি নাইন বাংলাকে সৃজিত জানালেন, ”আমি কয়েক বছর আগে গোয়েন্দা কানাইচরণ প্রথম পড়ি। সেটা পড়েই ছবিটা করার ইচ্ছা হয়। রাজর্ষির সঙ্গে যোগাযোগ করি। সেই কথাবার্তা এখন চূড়ান্ত হয়েছে। ছবিতে গোয়েন্দা কানাইচরণ, যে সিনিয়র পুলিশ ইন্সপেক্টর, সেই চরিত্রে দেখা যাবে যিশুকে। আর সৌভিক, জুনিয়র পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় থাকছে অনুজয় চট্টোপাধ্যায়। ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, ইধিকা পাল, সুমন্ত মুখোপাধ্যায় আর সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্যামেলিয়া প্রোডাকশনস।
পরিচালকের থেকেই জানা গেল, এই ছবিতে দু’ টো পিরিয়ড দেখা যাবে। সমসাময়িক পিরিয়ডের পাশাপাশি ব্রিটিশ আমলের একটা পিরিয়ড রয়েছে। ছবির শুটিং শুরু হবে অগাস্ট মাসে। কলকাতা শহরেই হবে শুটিং। এই ছবির কাস্টিংয়ে চমক রয়েছে। যিশুর সঙ্গে পরিচালক সৃজিতের জুটি চর্চিত। তাঁরা আবার একসঙ্গে বড়পর্দায় ফিরছেন। এদিকে সৃজিতের পরিচালনায় ফেলুদা চরিত্র করেছেন টোটা। এবার পুজোয় ‘এম্পারার ভার্সেস শরত্চন্দ্র’ ছবিটা নিয়ে আসছেন সৃজিত। সেই ছবিতে রয়েছেন টোটা। তারই মাঝে আবার টোটার সঙ্গে নতুন ছবি করছেন সৃজিত।
ইধিকা প্রথমবার কাজ করবেন সৃজিতের পরিচালনায়। ইধিকা কাজ শুরু করেছেন বাংলা ধারাবাহিকে। তাঁর অভিনীত ধারাবাহিক যে বেঙ্গল টপার ছিল, এরকম নয়। কিন্তু শাকিব খানের সঙ্গে ছবি করার প্রস্তাব পান ইধিকা। তারপর নায়ক দেবের সঙ্গে একাধিক ছবিতে কাজ করে দর্শকের ভালোবাসা পেয়েছেন নায়িকা। তাই সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে ইধিকাকে কী রূপে দেখা যাবে, তা জানার আগ্রহ থাকবে দর্শকদের মধ্যে।