
মঙ্গলবার নবান্ন অভিযান, খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। আরজি কর কাণ্ডের প্রতিবাতে এই ঘেরাওয়ের ডাক। যদিও আগে থেকেই একশ্রেণি সচেতন করেছিলেন কোনও রাজনৈতিক ফাঁদে না পড়তে, মাধারণ মানুষের আন্দোলন যেন সাধারণ মানুষের মতো করেই হয়। আর সেই মঙ্গলবার আসতেই রাস্তায় নেমে পড়েছেন সকলে। দিকে দিকে বিক্ষোভের ছবি সামনে আসছে। ব্যরিকেড ভেঙে জনস্রোত এগিয়ে যাচ্ছে, কোথাও জল কামান, কোথাও কাঁদানে গ্যাস, তবুও মানুষ পিছুহটতে নারাজ। আর সেই ঘটনাবহুল দিনেই ইঙ্গিতবহ পোস্ট সামনে আনলেন ঋত্বিক চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন, তাতে অনেকেই অনুমান করছেন, অভিনেতার নিশানায় এবার রাজ্য সরকার।
তিলোত্তমার বিচার চেয়ে সরব হয়েছেন প্রতিটা মানুষ। তালিকা থেকে বাদ পড়েননি সেলিব্রিটিরাও। ঋত্বিক চক্রবর্তী মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করছেন এই আরজি কর কাণ্ডে। এবার লিখলেন, ‘যখন সব গুরুত্বপূর্ণ বিষয়কে খেলা হবে বলে খেলো করা হচ্ছিল, তুমি করতালি দিয়েছিলে তো? বেশ! এবার একটু ছেলেখেলা দেখে নাও।’
খেলা হবে স্লোগান রাজ্য সরকারের। ভোট প্রচারের মুখে একাধিক নেতা মন্ত্রীর মুখে শোনা গিয়েছেন এই কথা। মঞ্চে দাঁড়িয়ে যখন সকলেই এই স্লোগান তুলছেন, একশ্রেণি তো তখন হাততালি দিয়েছিলেন, এবার সেই সাধারণ মানুষের উদ্দেশেই ঋত্বিকের পোষ্ট। যদিও তিনি নাম উল্লেখ করলেন না। কাউকেই সরাসরি আক্রমণ করলেন না অভিনেতা। শুধু ইঙ্গিতেই স্পষ্ট করে দিলেন, তাঁর বক্তব্য। কেউ লিখলেন, আজ শাসকের চোখে মুখে ভয়..আমরা করবোই জয়!! আবার কেউ লিখলেন, ক্ষমতা হাতে থাকলে মানুষ ভাবে আমি যা করবো সেটাই সকলকে মানতে হবে, তখন থাকে তার এতটাই দম্ভ, ভুলে যায় এর একটা উল্টো দিক ও আছে যা তাকে নাড়িয়ে দিতে পারে। এই ছেলেখেলা জারি থাক।