
চলছে প্রেমের মাস। তিনি ঈশ্বরের গান করেন। কীর্তন গেয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গানের ভক্ত। তিনি আবার তৃণমূল বিধায়ক। অদিতি মুন্সী। নম্র, মিষ্টি স্বভাবের এই মানুষটার দুর্দান্ত ব্যক্তিত্ব। ধারেকাছে ঘেঁষতে পারেন না কেউ। ২০১৮ সালে তৃণমূলের কাউন্সিলার এবং বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন ভালবেসে। সেই অদিতির কাছে কি বিয়ের পর আসে প্রেমের প্রস্তাব? এমনই এক প্রশ্নের সম্মুখীন হয়েছেন কীর্তন গায়িকা তথা বিধায়ক অদিতি…
এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অদিতিকে জিজ্ঞেস করা হয়, “এখন প্রেম প্রস্তাব আসে?” এই অপ্রত্যাশিত প্রশ্নে মিতভাষী অদিতির চোখ ছানাবড়া হয়ে যায়। ঠোঁটেমুখে বাড়তি চমক এনে অদিতির উত্তর, “হ্যাঁ-অ্যা… কী বলছেন, তখন আসেনি, এখন আসবে… দূর-দূরান্তে সম্ভাবনাই নেই কোনও।” এই ‘তখন’ বলতে অদিতি বোঝাতে চেয়েছিলেন সেই সময়টাকে, যখন তিনি বড় হচ্ছিলেন।
বাবা-মায়ের একমাত্র কন্যাসন্তান অদিতি মুন্সী মায়ের কড়া শাসনে বড় হয়েছেন। একমাত্র প্রশ্রয় দেওয়ার মানুষটি ছিলেন তাঁর বাবা। তাঁকে বলতেন, “মন দিয়ে গান গাইলে, লেখাপড়া না করা থেকে তোকে বাঁচাতে পারব আমি। না হলে নয়।” অদিতিকে খুব বেশি বন্ধু-বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে দেননি মা। স্কুলে যতটুকু গল্পগুজব করা, ততটুকুই। এর বাইরে অদিতির কোনও বন্ধুও তৈরি হয়নি জীবনে। ছেলে বন্ধু হওয়া দূরের কথা।