Yami Gautam on nepotism: ‘সব ছেড়ে হিমাচল চলে যেতে চেয়েছিলাম!’ নেপোটিজম নিয়ে বিস্ফোরক ইয়ামি

Yami Gautam Depression: গ্ল্যামার জগতের হাতছানি ছেড়ে গ্রামে ফেরার সিদ্ধান্ত! 'ভিকি ডোনার'-এর সাফল্য সত্ত্বেও কেন বলিউডকে অলবিদা জানাতে চেয়েছিলেন ইয়ামি গৌতম? কোন ঘটনা তাঁকে হিন্দি সিনেমার পর্দায় আটকে রাখল? কী ঘটে অভিনেত্রীর সঙ্গে?

Yami Gautam on nepotism: ‘সব ছেড়ে হিমাচল চলে যেতে চেয়েছিলাম!’ নেপোটিজম নিয়ে বিস্ফোরক ইয়ামি
কী বলেছেন অভিনেত্রী?

Aug 03, 2026 | 11:11 AM

‘ভিকি ডোনার’-এর মতো সফল ছবি দিয়ে কেরিয়ার শুরু করেও একসময় অভিনয় জগতকে চিরতরে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ইয়ামি গৌতম! সম্প্রতি এক সাক্ষাৎকারে মুম্বই ইন্ডাস্ট্রির সেই কঠিন দিনগুলোর কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। গ্ল্যামার দুনিয়ার জাঁকজমকে যখন নিজেকে একদম বেমানান মনে হচ্ছিল, ঠিক তখনই সব ছেড়ে হিমাচলে নিজেদের ফার্মহাউসে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

২০১২ সালে প্রথম বলিউড ছবিতেই দর্শকদের মন জয় করেছিলেন ইয়ামি। তবে তাঁর কথায়, প্রথাগত ‘বলিউড হিরোইন’-এর যে ছাঁচ, তাতে তিনি ফিট করছিলেন না। ফলে একের পর এক ভালো কাজের সুযোগ হাতছাড়া হচ্ছিল। দীর্ঘ লড়াইয়ের পর একপ্রকার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি জানান, “‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ‘বালা’ ছবির ঠিক আগেই আমি সিদ্ধান্ত নিই যে এই ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। ভেবেছিলাম হিমাচলে আমাদের যে চাষের জমি রয়েছে, সেখানেই ফিরে যাব এবং নতুন করে জীবন শুরু করব। বাবা-মাও পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘বাড়ি চলে আয়’। কিন্তু অদ্ভুত বিষয় হল, ঠিক যখনই ব্যর্থতার ভয় ভুলে ইন্ডাস্ট্রিকে আঁকড়ে ধরে রাখার মানসিকতা ছেড়ে দিলাম, অমনি সব বদলে গেল! উরি এল, বালা এল, আর রাতারাতি আমার জীবনটা অন্য মোড় নিল।”

বলিউডে ‘আউটসাইডার’ বা বহিরাগতদের লড়াই নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভও উগরে দেন অভিনেত্রী। তাঁর মতে, স্টার কিডরা একাধিক ব্যর্থতার পরও বারবার সুযোগ পান, কিন্তু বহিরাগতদের লড়াইটা নিজেকে প্রতি মুহূর্তে প্রমাণ করার। ইয়ামির কথায়, “অনেক সময় মনে হত কোনও চরিত্রের জন্য আমি হয়তো পুরোপুরি তৈরি, অথচ সেই সুযোগটা অন্য কেউ পেয়ে গেল শুধুমাত্র কোনও ফিল্মি পরিবারের সদস্য হওয়ার কারণে। তবে এখন দর্শক অনেক সচেতন। কে কোথা থেকে এসেছে তা নিয়ে দর্শক ভাবেন না, তারা শুধু ভালো অভিনয় দেখতে চান।”

ইন্ডাস্ট্রির এই পক্ষপাতিত্ব বহুবার তাঁকে কষ্ট দিয়েছে বলে জানান ইয়ামি। বহু প্রজেক্ট নিয়ে কথা এগোনোর পরও কোনও কারণ ছাড়াই তা হাতছাড়া হয়ে যেত। তবে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি বলিউডের অন্যতম সফল ও নির্ভরযোগ্য নাম। খুব শিগগিরই পরিচালক বালাজি মোহনের ‘নয়ী নবেলী’ ছবিতে নতুন অবতারে পর্দায় ফিরছেন ইয়ামি গৌতম।

Loading...
Unable to load recommendations.
Follow Us