
আমির খান (Aamir Khan) ও তাঁর নতুন জীবনের পথচলা নিয়ে বলিপাড়ায় চর্চার শেষ নেই। কয়েক দিন আগেই, গত ৫ জুলাই বান্দ্রার ফ্ল্যাটে সই-সাবুদ করে আইনি বিয়ে সেরেছেন তিনি। পাত্রী তাঁর দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাট। বিয়ের রেশ কাটতে না কাটতেই এই নবদম্পতিকে নিয়ে নতুন খবর। চুপিচুপি দেশ ছেড়েছেন দুজনে। গন্তব্য সুদূর অস্ট্রেলিয়া! কিন্তু এটা কি শুধুই নিছক হানিমুন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও বড় কারণ?
সূত্রের খবর, মেলবোর্নে পাড়ি দিলেও এটি কিন্তু শুধুই ঘুরে বেড়ানোর সফর নয়। অভিনেতার পেশাগত দায়বদ্ধতাও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। তবে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বুদ্ধিমান মানুষ। কাজের মাঝেই লুকিয়ে নিয়েছেন ছুটির আনন্দ। আর তাই এই সফরে তিনি একা নন, সঙ্গে গিয়েছেন নতুন স্ত্রী গৌরী। তবে চমক এখানেই শেষ নয়, তাঁদের এই সফরের সঙ্গী হয়েছে দুই ছেলেও!
আমির ও তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ যেমন এই ট্রিপে রয়েছে, তেমনই গৌরীর আগের পক্ষের ছেলে কুইন-ও গিয়েছেন তাঁদের সঙ্গে। আসলে আমির চাইছেন নতুন এই পরিবারটির মধ্যে বন্ডিং আরও মজবুত হোক। দুই ভাই যেন একসঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পায় এবং তিনি নিজেও যেন কুইনের সঙ্গে একটি সুন্দর সম্পর্ক তৈরি করতে পারেন, সেটাই অভিনেতার আসল উদ্দেশ্য। কাজের ফাঁকে মেলবোর্নের অলিতে গলিতে জমিয়ে ফ্যামিলি টাইম কাটাবেন তাঁরা।
আগামী ১৩ থেকে ২৩ অগস্ট পর্যন্ত মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (IFFM)। সেখানেই আমির খানের ‘সিতারে জমিন পর’ ছবির দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি সেরা অভিনেতার (Best Actor) মনোনয়ন পেয়েছেন। রণবীর সিং, দুলকার সলমন, মামুট্টির মতো তারকাদের সঙ্গে সেরা পারফরম্যান্সের বিভাগে লড়াই হবে আমিরের। শুধু পুরুষ বিভাগেই নয়, সেরা অভিনেত্রীর দৌড়েও রয়েছেন রানি মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইয়ামি গৌতমের মতো তারকারা।
অস্ট্রেলিয়ার নামী চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংস্কৃতি জগতের জুরি মেম্বারদের বিচারেই শেষ পর্যন্ত নির্ধারিত হবে বিজয়ীদের নাম। সেখানে প্রিমিয়ার, মাস্টারক্লাস ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখন দেখার, মেলবোর্নের মঞ্চ থেকে আমির ট্রফি হাতে ফেরেন কি না, তবে ট্রফি আসুক বা না আসুক, নতুন পরিবারকে নিয়ে মেলবোর্নের এই সফর যে আমিরের ব্যক্তিগত জীবনে দারুণ এক পজিটিভ এনার্জি এনে দেবে, তা বলাই বাহুল্য।