
ইমরান হাশমি (Emraan Hashmi) আর আলিয়া ভাট, বলিউডের এই দুই তারকাকে পর্দায় নানা চরিত্রে দেখেছেন দর্শকেরা। কিন্তু আপনি কি জানেন, রুপোলি পর্দার বাইরেও তাঁদের মধ্যে এক গভীর আত্মীয়তার টান রয়েছে? শুনতে অবাক লাগলেও সত্যি, আলিয়া আর ইমরান একে অপরের তুতো ভাই-বোন হন। তবে অনেকেই তাঁদের এই পারিবারিক যোগাযোগের আসল গল্পটা জানেন না।
এই সম্পর্কের শিকড় খুঁজতে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক দশক আগের হিন্দি সিনেমায়। ইমরান হাশমির ঠাকুমা ছিলেন চল্লিশের দশকের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। তাঁর আসল নাম মেহেরবানো মহম্মদ আলি। তিনি অমিতাভ বচ্চনের বিখ্যাত ছবি ‘জঞ্জির’-এও একটি স্মরণীয় চরিত্রে অভিনয় করেছিলেন। এই মেহেরবানোর এক বোন ছিলেন, যাঁর নাম শিরীন মহম্মদ আলি। আর এই শিরীন হলেন বলিউডের বিখ্যাত দুই পরিচালক মহেশ ভাট ও মুকেশ ভাটের মা।
সহজ হিসেব অনুযায়ী, মেহেরবানোর ছেলে আনোয়ার হাশমি আর শিরীনের ছেলে মহেশ ভাট সম্পর্কে একে অপরের মামাতো- পিসতুতো ভাই। মহেশ ভাট হলেন আলিয়া ভাটের বাবা। সেই সূত্রে আনোয়ার হাশমির ছেলে ইমরান হাশমি এবং মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট সম্পর্কে একে অপরের তুতো ভাই-বোন (Second Cousins)।
ইমরান হাশমির পারিবারিক শিকড় এভাবেই জড়িয়ে রয়েছে বলিপাড়ার বিখ্যাত ভাট পরিবারের সঙ্গে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও সম্প্রতি দারুণ ছন্দে রয়েছেন ইমরান। সদ্য মুক্তি পাওয়া তাঁর নতুন ছবি ‘আওয়ারাপান ২’ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। প্রায় নব্বই কোটি টাকার গণ্ডি পার করে ছবিটি দর্শকদের নজর কেড়েছে। এর পাশাপাশি খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘গানমাস্টার জি৯’ নামের নতুন একটি ছবিতে।
বলিউডের ঝলমলে দুনিয়ায় আত্মীয়তার এমন অনেক সমীকরণ থাকে যা সাধারণের চোখের আড়ালেই থেকে যায়। তবে আলিয়া এবং ইমরানের এই পারিবারিক যোগসূত্র সামনে আসতেই দুই তারকার ভক্তদের মধ্যে তা নতুন করে কৌতুহল তৈরি করেছে।